ভোলা সদরের ইলিশা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় দুই জেলেসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় এক জেলে জীবিত উদ্ধার করা গেলেও অন্য এক জেলে নিখোঁজ হন।
শনিবার (১ অক্টোবর) দুপুরে মেঘনা নদীর কন্দকপুর এলাকা থেকে নিখোঁজ জেলে কামাল জমাদ্দারের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। কামাল জমাদ্দার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কন্দকপুর গ্রামের বাসিন্দা।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার ভোর ৩টার দিকে মেঘনা নদীর শাখা ইলিশা নদীতে মাছ শিকারের সময় একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় দুই জেলেসহ মাছ ধারার নৌকাটি ডুবে যায়। এ সময় পার্শ্ববর্তী অন্য একটি নৌকার জেলেরা ইউছুফ নামের এক জেলেকে উদ্ধার করেন। তবে কামাল জমাদ্দার নিখোঁজ ছিলেন। কোস্ট গার্ডের সদস্যরা খবর পেয়ে দিনভর চেষ্টা করে শনিবার দুপুর ২টার দিকে মেঘনা নদীর কন্দকপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় কামাল জমাদ্দারের লাশ উদ্ধার করেন। পরে পুলিশের উপস্থিতিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দুর্ঘটনাটি রাতের বেলায় হওয়ায় যাত্রীবাহী লঞ্চের নাম এবং কোন রুটে চলাচল করে তা কেউ বলতে পারেনি। স্থানীয়রা ধারণা করছে, ঢাকা-বরিশাল রুটের যেকোনো লঞ্চ এ দুর্ঘটনা ঘটিয়েছে।

‘তালাবদ্ধ ঘর’ থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধার
যুবলীগ চেয়ারম্যানের আরোগ্য কামনায় দোয়া মাহফিল