ইন্দোনেশিয়া: দাঙ্গা ও পদদলিত হয়ে নিহতদের ১৭ জন শিশু

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১২:৫২

ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচকে ঘিরে দাঙ্গা ও পদদলিত হয়ে ১২৫ নিহতদের মধ্যে রয়েছে ১৭ জন শিশু। এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার (১ অক্টোবর) ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের কানজুরুজান স্টেডিয়ামে জাভানিজ ডার্বিতে মুখোমুখি হয় আরেমা-পার্সেবায়া। ম্যাচটিতে ২-৩ গোলে হেরে যায় আরেমা। দল হারার পর আরেমার সমর্থকেরা মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও  ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে ভিড়ে পদদলিত হয়ে অনেকের প্রাণহানি ঘটে। এই ঘটনায় আরো প্রায় ২০০ জন আহত হয়েছেন।

ইন্দোনেশিয়ার নারী ক্ষমতায়ন ও শিশু সুরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির বার্তাসংস্থা অন্তরাকে জানায়, ‘নিহতদের মধ্যে  ১৭ শিশু মারা গেছে এবং সাতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।’

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ‘সহিংসতা অনেক দিন ধরে ইন্দোনেশিয়ার ফুটবলের বৈশিষ্ট্য। রাজধানী জাকার্তায় এটি খুব সাধারণ ঘটনা। শনিবারের ওই বিপর্যয় পুরো সমস্যাকে তুলে এনেছে।’

শনিবার (১ অক্টোবর) খেলা দেখতে গিয়ে ১৫ বছর বয়সী আহমেদ কাহিও এবং ১৪ বছর বয়সী মোহাম্মাদ ফায়েল নামের দুই ভাই মারা যান। রবিবার (২ অক্টোবর) এই দুইভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তাদের বড় বোন এন্ডাহ ওয়াহিউনি  বলেন, ‘তারা ফুটবল পছন্দ করত, কিন্তু আরেমা ক্লাবের খেলা কখনোই স্টেডিয়ামে সরাসরি দেখেনি, এটিই ছিল তাদের প্রথমবার খেলা দেখতে যাওয়া।’

ইত্তেফাক/জেডএইচ/এআই