বিএনপির নেতৃত্বে আন্দোলন চান অলি আহমদ

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৪:২৭

সরকার পতনের আন্দোলনে বিএনপির নেতৃত্ব চান অলি আহমদ।তিনি বলেছেন, জাতির একটি খুব গুরুত্বপূর্ণ সময়ে আমরা জাতিকে মুক্ত করার জন্য একত্রিত হয়েছি। বহুদিন থেকে বিএনপি এককভাবে তাদের পুরো শক্তি দিয়ে সরকার বিরোধী আন্দোলনে লিপ্ত আছে। এখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেতে চাই।

সোমবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর ডিওএইচএসে এলডিপি সভাপতি ড. কর্নেল অব. অলি আহমদ বীর বিক্রমের বাসায় বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এলডিপির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে একথা বলেন অলি আহমদ।

তিনি বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে। ডিজেল, পেট্রল,অকটেনের দাম বৃদ্ধিতে সর্বত্র এর বিরূপ প্রভাব পড়েছে। মানুষ সুশাসন পাচ্ছে না, ন্যায়বিচার পাচ্ছে না। এসব সমস্যা থেকে বের হওয়ার জন্য, আজ যে মানবতাবিরোধী অপরাধগুলো হচ্ছে, আপনাদের ওপর আমাদের ওপর যে নির্যাতন হচ্ছে, এসব থেকে মুক্ত হওয়ার জন্য বিএনপিকে নেতৃত্ব দিতে হবে।

অলি আহমদ বলেন, বিএনপি এরই মধ্যে অত্যন্ত স্পষ্টভাষায় বলেছে, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না।অতীতে যে কোনো সময়ে আমরা ভুল করেছি, যার কারণে আজ আমাদের খেসারত দিতে হচ্ছে। এবার আমরা সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, এই সরকারের পদত্যাগ চাই। তাদের ক্ষমতা ছাড়তে হবে এবং সংসদ বিলুপ্ত করতে হবে। নতুন সরকার আসবে, তারা প্রশাসনকে ঠিক করবে। মানুষ যখন প্রস্তুত হবে, প্রশাসন যখন প্রস্তুত হবে, জনগণ যখন ভোট দিতে পারবে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে তখন। তিনি আরও বলেন,বর্তমান অবস্থায় যদি নির্বাচনের ব্যবস্থা করা হয় আওয়ামী লীগ ছাড়া কেউ নির্বাচিত হবে না। কারণ প্রশাসনের প্রত্যেকটি জায়গায় ছাত্রলীগ ও যুবলীগের প্রাধান্য। আমরা এই সরকারের পতন চাই। দফা একটাই এই সরকার কবে যাবি, নতুন সরকার কবে আসবে। সেটাই হবে একটা দফা। বাকিগুলো আনুষঙ্গিক।

এসময় মির্জা ফখরুল বলেন,আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার যে প্রক্রিয়া শুরু করেছি সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে আমরা দেশের প্রবীণ জননেতা অলি সাহেবের নেতৃত্বে যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা করেছি। এই দ্বিতীয় দফার আলোচনায় আমরা আন্দোলনের যে দাবিগুলো আছে তা নিয়ে কথা বলেছি। এই সরকারের পতনে আমরা একসঙ্গে আন্দোলনে একমত হয়েছি।

বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নিয়ে রাতে মহাখালী ডিওএইচএসে এলডিপির চেয়ারম্যান অলি আহমদের বাসায় যান। সংলাপে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম, নেয়ামূল বসির, আওরঙ্গজেব বেলাল ও সৈয়দ মাহবুব মোর্শেদ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি