নতুন নিয়মে ভিসার ওমরাহ মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করেছে সৌদি সরকার। এই সুবিধা যেকোনো দেশের মুসলিম নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। সোমবার (৩ অক্টোবর) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিহার বরাত দিয়ে এ তথ্য জানায় গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, দুই দিনের উজবেকিস্তান সফরে আজ তাশখেন্তে পৌঁছেছেন সৌদির এই মন্ত্রী। এ সময় ওমরাহ ভিসার মেয়াদ সংক্রান্ত এ ঘোষণা দেন তৌফিক আল-রাবিয়াহ।
রোববার (২ অক্টোবর) উজবেকিস্তান পৌঁছালে তাকে স্বাগত জানান উজবেক প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভ। এ সময় তাদের মধ্যে হজ ও ওমরাহ পালন সহজ করা নিয়ে বেশ কিছু আলোচনা হয়।
গত বছর হজ মৌসুমে প্রায় ১২ হাজার উজবেক অংশগ্রহণ করেন। গত দুই মাসে প্রায় ৩৬ হাজার উজবেক নাগরিক ওমরাহ পালন করেন বলেও জানান সৌদি মন্ত্রী।
সফরকালে বিভিন্ন স্তরের উজবেক সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তৌফিক আল-রাবিয়াহ। এ সময় দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রম আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়।
