সারাবিশ্ব থেকে আগত প্রতিযোগী একের পর এক কোরআনে হাফেজ শোনাচ্ছেন কোরআন তেলাওয়াত। চতুর্থ গ্রুপে বাহরাইন, মিশর, সুদান শেষে এলেন বাংলাদেশি একমাত্র প্রতিযোগিতা। শুরু করলেন তার সুরেলা কণ্ঠে তেলাওয়াত; মধুর কণ্ঠে সুরের মূর্ছনায় সে তেলাওয়াতে বিমোহিত উপস্থিত সকলে।
বলছিলাম ১৩ বছর বয়সী বাংলাদেশের খুদে হাফেজ সালেহ আহমাদ তাকরিমের কথা। যিনি সম্প্রতি সৌদি আরবের পবিত্র মক্কায় আয়োজিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পাঁচ বিভাগের চতুর্থ বিভাগে তৃতীয় স্থান অর্জন করে বিশ্বের বুকে বাংলাদেশের পতাকা সমুন্নত করেছেন।
গত ২২ সেপ্টেম্বর সৌদি আরবের স্থানীয় সময় রাত নয়টায় পবিত্র কাবা শরিফে অনুষ্ঠিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই সময় চতুর্থ বিভাগে (১৫ পারা কোরআন) তৃতীয় বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয় বাংলাদেশি খুদে এই কোরআনে হাফেজের। সালেহ আহমেদ তাকরিমের হাতে পুরস্কার হিসেবে এক লাখ রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ। ৫টি পৃথক বিভাগে বিশ্বের প্রায় বিভিন্ন দেশের ১৫৩ জন হাফেজ এই প্রতিযোগিতার অংশ নেয়। মাসব্যাপী চলা এই প্রতিযোগিতায় সর্বমোট ১৫ জনকে পুরস্কৃত করা হয়। টাঙ্গাইল জেলার নাহরপুর উপজেলার ভাদ্রা গ্রামে জন্ম নেওয়া হাফেজ সালেহ আহমদ তাকরিম বর্তমানে পড়াশোনা করছেন ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি মাদরাসায়।
