ডে কেয়ারে হামলার ঘটনায় থাইল্যান্ডজুড়ে শোক

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২২:৫৬

থাইল্যান্ডে একটি প্রি-স্কুলের ডে কেয়ার সেন্টারে ভয়াবহ বন্দুক ও ছুরি হামলায় ২৩ শিশুসহ ৩৭ জন নিহতের ঘটনায় শোক পালন করছে পুরো দেশ। শোকার্ত স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পরিবেশ। শোক প্রকাশে থাইল্যান্ডজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় হাসপাতালের মর্গের সামনে শোকার্ত অভিভাবক ও স্বজনদের ভিড় জমেছে। সেখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে স্বর্ণখচিত সাদা আর গোলাপি রঙের ছোট্ট ছোট্ট কফিন। এ ছাড়া বাচ্চার খেলনা, কম্বল ও দুধের বোতল হাতে নিয়ে ডে কেয়ার সেন্টারের বাইরে কাঁদছেন অনেক অভিভাবক।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের নং বুয়া লাম্ফু প্রদেশে একটি শিশু ডে কেয়ার সেন্টারে মর্মান্তিক এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারী প্রথমে ডে কেয়ার সেন্টারের কয়েকজন কর্মীকে গুলি করে, যাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। এরপর ঘুমন্ত অবস্থায় থাকা দুই বছরের কম বয়সী অন্তত ২৩ শিশুকে হত্যা করে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুরের খাবারের সময় হামলাকারী প্রথমেই ডে কেয়ার সেন্টারের চার-পাঁচজন কর্মীকে গুলি করে। এরপর যে ঘরে শিশুরা ঘুমাচ্ছিল, সেই ঘরে ঢুকে একের পর এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে হামলাকারী।

থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, ৩৪ বছর বয়সী হামলাকারী এই হত্যাকাণ্ডের পর নিজের সন্তান ও স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছেন। হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, মাদক সেবনের অপরাধে হামলাকারীকে জুন মাসে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

ইত্তেফাক/এএইচপি