পিসিএ’র বর্ষসেরা বেয়ারস্টো-স্কিভার

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৩:৪৭

ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ)-এর বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডানহাতি ব্যাটার জনি বেয়ারোস্টো। আর  বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন অলরাউন্ডার ন্যাট স্কিভার।

লন্ডনের হার্লিংহ্যাম ক্লাবে পিসিএ’র এক অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ও নারী ক্রিকেটারকে পুরস্কৃত করা হয়। ইংল্যান্ডের চতুর্থ ক্রিকেটার হিসেবে পিসিএ’র এই পুরস্কার জিতেছেন বেয়ারোস্টো। এর আগে এই সম্মাননা পেয়েছেন বেন স্টোকস, ক্রিস ওকস ও জো রুট।

গত মঙ্গলবার ক্রিকেট রাইটার্স ক্লাবের দেওয়া ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারে বব উইলিস ট্রফি জিতেছিলেন বেয়ারোস্টো। এবার ইংল্যান্ডের হয়ে টেস্টে দুর্দান্ত এক মৌসুম কাটানোর জন্য পিসিএ ট্রফিও জিতলেন বেয়ারোস্টো। এই বছর ১০ টেস্টের ১৯ ইনিংসে ৬ শতক আর ১টি অর্ধশতকে ১০৬১ রান করেছেন তিনি। এ বছর এখন পর্যন্ত টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী বেয়ারস্টো।

সর্বশেষ সাত টেস্টেই চারটি সেঞ্চুরিতে ৬৮১ রান করেছেন বেয়ারোস্টো। তার ব্যাটিং নৈপুন্যে সর্বশেষ ৭ টেস্টের ৬ টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড।

বছরের শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকলেও ইঞ্জুরিতে পড়ে বছরের বাকি সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন বেয়ারোস্টো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে মাঠে নামতে পারবেন না এই বিধ্বংসী ব্যাটার।

এদিকে, ২০১৭ সালের পর আবারও পিসিএ বর্ষসেরা নারী ক্রিকেটার হলেন স্কিভার। এ বছরের শুরুতে হওয়া বিশ্বকাপের আসরে দুইটি সেঞ্চুরি করেন তিনি। এর মধ্যে ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১৪৮ রানের দারুন এক ইনিংসও ছিলো স্কিভারের।  

বর্ষসেরা তরুণ পুরুষ ক্রিকেটার হয়েছেন হ্যারি ব্রুক। আর নারীদের মধ্যে সেরা হয়েছেন ফ্রেয়া ক্যাম্প। গত বছরও তরুণ ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন ব্রুক। ২০০৫ ও ২০০৬ সালে স্যার অ্যালিস্টার কুকের পর টানা দুইবার এই পুরস্কার জয় করা প্রথম ক্রিকেটার হলেন ব্রুক।

ইত্তেফাক/এসএস