ডোপিং কাণ্ডে ৪ বছর নিষিদ্ধ ক্যাম্পবেল

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৪:৫৩

ডোপিংয়ের দায়ে ৪ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জন ক্যাম্পবেল। ডোপিং আইন লঙ্ঘনের জন্য জ্যামাইকার অ্যান্টি ডোপিং কমিশন (জ্যাডকো) তাকে এই শাস্তি দিয়েছে।

গত এপ্রিল মাসে কিংস্টনে নিজের বাড়িতে থাকা ক্যাম্পবেল ডোপ টেস্টের জন্য রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।ডপিং পরীক্ষা করার জন্য রক্তের নমুনা দেওয়ার জন্য নির্দিষ্ট একটা সময় বেধে দেওয়া হয়েছিল ক্যাম্পবেলকে, সেই দিনে তিনি রক্ত দিতে যাননি।

ক্যাম্পবেলের অস্বীকৃতির বিষয়ে তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে জ্যাডকো। শুক্রবার (৭ অক্টোবর) কমিশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। তদন্ত কমিটির দেওয়া ১৮ পৃষ্ঠার সেই প্রতিবেদনের ওপরেই ক্যাম্পবেলকে শাস্তি দেওয়া হয়েছে।

১৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বলা হয়, ডোপ টেস্টে নমুনা দিতে অস্বীকৃতি জানানোর ডোপিং-বিরোধী আইন লঙ্ঘনের শামিল।  জ্যাডকো'র আইনের ১০.৩.১ নং ধারা অনুসারে এই কাজের শাস্তি ৪ বছর নিষেধাজ্ঞা।

ক্যাম্পবেলের উপর আরোপিত নিষেধাজ্ঞা বিবেচনা করা হবে গত মে মাস থেকে। আগামী ২০২৬ সালের মে মাস পর্যন্ত কোনো ধরনের খেলাধুলাইয় অংশ নিতে পারবেন না তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ২০টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্যাম্পবেল।

ইত্তেফাক/এসএস