জামাকাপড় কাচি, ইস্ত্রি করে তা গুছিয়েও রাখি: অমিতাভ

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৫:৫০

তারকাদের দৈনন্দিন জীবন নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। তারা কী করেন, কী খান, পর্দার আড়ালে তাদের লাইফস্টাইল কেমন আরও কত কিছু। এবার তারই একটি প্রশ্নের মুখে পড়লেন বলিউড কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন।

তারকা বলে কি তারা মানুষ নন! বলিউড তারকা হলেও আর পাঁচটা সাধারণ মানুষের মতো একই জামাকাপড় বারবার পরেন তারা। নিজের হাতে সেগুলো কাচাকাচি করে ইস্ত্রিও করেন। তারপর গোছগাছ করে আলমারিতে তুলে রাখেন। কেবিসি-র এক প্রতিযোগির প্রশ্নের মুখে পড়ে বেরিয়ে এল বিগ বি-র ‘মাটির কাছাকাছি থাকা’ চেহারা।

কেবিসি-র সঞ্চালক হিসেবে প্রশ্ন করাই তো অমিতাভের কাজ! তবে এই গেম শোয়ের ১৪তম মরসুমের সাম্প্রতিক পর্বে উল্টো ছবিও দেখা গেল। পিঙ্কি জাওয়ারানির চোখা চোখা প্রশ্নের মুখে পড়লেন স্বয়ং অভিতাভ।

অমিতাভ বচ্চন

৭৯ বছরের সুপারস্টারের কাছে পিঙ্কির অকপট মন্তব্য, ‘একই জামাকাপড়ে আপনাদের (তারকাদের) তো কখনও দেখি না! তাই জানতে চাইছি, আপনারা কি কখনও একই জামা দ্বিতীয় বার পরেন?’

এমন প্রশ্নের জবাব অমিতাভ বলেন, ‘আপনারা আমাদের একই জামাকাপড়ে দেখেন না বটে, তবে আমরা তেমন করি।’ 

আপনাদের বাড়িতে জামাকাপড় কাচা হয়? এমন প্রশ্নে আর হাসি চাপতে পারেননি অমিতাভ। সব সামলে বলেন, ‘অবশ্যই! মাঝেমধ্যে তো আমি নিজের জামাকাপড় কাচি। আপনারা আমাদের কী ভাবেন! তারকা হলেও আমরা আপনাদের থেকে আলাদা নই। যে সব জামাকাপড় পরি, তা কেচে, ইস্ত্রি করে গুছিয়ে আলমারিতেও তুলে রাখি।’ সূত্র: আনন্দবাজার।

ইত্তেফাক/বিএএফ