জাপানি গণমাধ্যমকর্মী তরু কুবোতার মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ২০:১৮

মিয়ানমারে কারাদণ্ডপ্রাপ্ত জাপানি মুক্ত গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতা তরু কুবোতাকে মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডকুমেন্টারি ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার (৮ অক্টোবর) রাজধানীর শাহবাগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ডকুমেন্টারি ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ করিম বলেন, ‘আজ সারাবিশ্বে মুক্তচিন্তা করার অধিকার হুমকির মুখে। আমরা এই তরুণ মুক্ত চিন্তার গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতা তরু কুবোতার প্রহসনমূলক বিচার ও কারাদণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি অবিলম্বে তার মুক্তি দাবি করছি।’ 

এ সময় সংগঠনের উপদেষ্টা কবি ও সাংবাদিক নাসির আহমেদ, সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা সেহাঙ্গল বিপ্লব তরু কুবোতার মুক্তির দাবিতে বক্তব্য রাখেন।

মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে হঠিয়ে ক্ষমতা গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী। তারপর থেকেই সেখানে সহিংসতা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জান্তা সরকার রাজনীতিবিদ, আমলা, ছাত্র, সাংবাদিক ও বিদেশীসহ হাজার হাজার নাগরিক গ্রেপ্তার করেছে । তারই অংশ হিসেবে তথাকথিত রাষ্ট্রদ্রোহ ও যোগাযোগ আইন লঙ্ঘনের জন্য তরুণ মুক্ত গণমাধ্যমকর্মী তরু কুবোতাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মাত্র ২৬ বছর বয়সী তরু কুবোতা গত জুলাই মাসে মিয়ানমারের ইয়াঙ্গুনের একটি বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেফতার হন। সেই সময় তাকে অভিবাসন আইন ভঙ্গ ও ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করার অভিযোগের মুখোমুখি করা হয়।

ইত্তেফাক/এএএম