দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে যায় স্বাগতিক ভারত। আর তাই সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নাই ভারতের। তাই জয়ের লক্ষ্যে রবিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২ টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারত।
টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের বেশিরভাগ ক্রিকেটার এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। তাই কিছুটা দ্বিতীয় সারির দল নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে ভারত। প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ২৫০ রান তাড়া করতে নেমে ৯ রানে হেরে যায় ভারত। তবে, দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজে ঘুরে দাঁড়াতে চান ভারতের ওপেনার শিভমন গিল। তিনি বলেন, ‘২৫০ রান বড় কোন টার্গেট নয়। আমাদের টপ-অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায়, আমাদের হারতে হয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে সকলেই ভালো খেলতে মরিয়া। সিরিজ বাঁচাতে নিজেদের সেরাটা দিতে চাই আমরা।’
অন্যদিকে, এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। আগের ম্যাচের মতো এই ম্যাচেও আক্রমণাত্নাক খেলার আভাস দিয়ে তিনি বলেন, ‘ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে জয় পেতে হলে আক্রমণাত্মক ক্রিকেটই খেলতে হবে। যা আমরা প্রথম ম্যাচে করেছি। নিজেদের কন্ডিশনে সবসময়ই সেরা দল ভারত। প্রথম ম্যাচ জয়ে আমরা এখন আত্মবিশ্বাসী দল। শেষ ম্যাচের আগে সিরিজ জয় নিশ্চিত করতেই আমরা মাঠে নামবো।’
প্রথম ম্যাচে ৬৩ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডেভিড মিলার।
