বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নামবে বাংলাদেশ। এই ম্যাচে টাইগার একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় আজ দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। টসে জিতে এই ম্যাচে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
ফাইনালের ওঠার আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচের জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সিরিজে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এখন কার্যত সমান অবস্থানেই আছে। দুই দলই হেরেছে পাকিস্তানের কাছে। ঘরের মাঠে নিউজিল্যান্ড সবসময় খুব শক্তিশালী দল। ব্ল্যাক ক্যাপসদের গর্ব গতকাল কিছুটা হলেও খর্ব করে দিয়েছে পাকিস্তান। বাবর আজমের দল ৬ উইকেটে হারিয়ে দিয়েছে স্বাগতিকদের।
সাকিব আল হাসান বা কেন উইলিয়ামসনদের সামনে আজ জয়ের রথে ফেরার সুযোগ। এই ম্যাচে জয়ের লক্ষ্যে একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব ফিরেছেন একাদশে, তার পরিবর্তে বেঞ্চে বসতে হচ্ছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।
সর্বশেষ এশিয়া কাপ থেকে মেইক শিফট ওপেনার হিসেবে মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমানকে খেলানো হচ্ছিলো। মিরাজের পারফরম্যান্স আশা জাগালেও সাব্বিরের ব্যাটে যেন ফর্মই ফিরছিলো না। আজ সাব্বিরের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
এদিকে মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক ফর্ম একেবারেই ভালো যাচ্ছিলো না। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও দিয়েছেন ৪ ওভারে ৪৮ রান। তার জায়গায় আজ তাসকিন আহমেদ আর হাসান মাহমুদের সঙ্গী হিসেবে একাদশে জায়গা পেয়েছেন শরীফুল ইসলাম।
এদিকে নিউজিল্যান্ড দলও আজ মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে। ব্লেয়ার টিকনারের জায়গায় আজ কিউই একাদশে জায়গা পেয়ছেন অ্যাডাম মিলনে।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসইন (অধিনায়ক), ফিন অ্যালেন, ডেভন কনপ, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইস সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।
