ইরানের বিক্ষোভ চতুর্থ সপ্তাহে

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১২:৫৭

মাহশা আমিনির মৃত্যুর প্রতিবাদে সরকারি সব নিষেধাজ্ঞা অস্বীকার করে চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে ইরানের জনগণের বিক্ষোভ। দেশজুড়ে স্কুলছাত্রীরা স্বাধীনতার জন্য স্লোগান দিচ্ছে, শ্রমিকরা ধর্মঘট করছে, রাস্তায় নিরাপত্তাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে চলছে সংঘর্ষ। কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মহিলাদের জন্য ইরানের কঠোর পোশাক কোড লঙ্ঘনের অভিযোগে 'নৈতিকতা পুলিশ' মাহশা আমিনিকে গ্রেফতার করা হয়। এর তিন দিন পর মাহশার মৃত্যু হয়। ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী ইরানী কুর্দির মৃত্যুর পরে ক্রোধ ছড়িয়ে পড়ে দেশজুড়ে।



ইরান কর্তৃপক্ষ শুক্রবার (৭ অক্টোবর) জানিয়েছে, একটি তদন্তে দেখা গেছে দীর্ঘস্থায়ী অসুস্থতার ফলে মাহশা মারা গেছেন। যদিও তার পরিবার বলেছে যে তিনি আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন।

শনিবারও (৮ অক্টোবর) বিক্ষোভ অব্যাহত ছিল। সরকার বিক্ষোভকে যুক্তরাষ্ট্রসহ ইরানের শত্রুদের চক্রান্ত বলে বর্ণনা করেছে। অনেক বিক্ষোভকারী ছাড়াও এ সহিংসতায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২০ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইত্তেফাক/ডিএস/এআই