টি-২০ তে সবচেয়ে বেশি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার দিক থেকে মুশফিকুর রহিমকে টপকে গেলেন সাকিব আল হাসান।রবিবার (৯ অক্টোবর) ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টস করতে নেমেই বাংলাদেশের সাবেক টি-২০ ক্রিকেটার ও অধিনায়ক মুশফিকুর রহিমকে ছাড়িয়ে যান বর্তমান অধিনায়ক সাকিব।
টি-২০ তে আজ ২৪তম ম্যাচে অধিনায়কত্ব করছেন সাকিব। আর ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত টি-২০ তে বাংলাদেশকে ২৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিক। তাই মুশফিককে টপকে টি-২০ তে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে এখন তৃতীয় স্থানে সাকিব।টি-২০ তে অধিনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড মাহমুদুল্লাহ রিয়াদের দখলে। ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়া অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও রিয়াদের দখলে। ১৬টি ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন তিনি। তার অধীনে ২৬টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
নেতৃত্ব দেওয়ার দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন মাশরাফি বিন মর্তুজা। ম্যাশের অধীনে ২৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার নেতৃত্বে ১০টিতে জয়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
