বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনের জন্য সাত নম্বরে সাকিব

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৬:৪৭

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে সাত নম্বরে ব্যাট করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। সাধারণত তিন-চার নম্বর পজিশনে খেললেও এই ম্যাচে চার নম্বর পজিশনে ব্যাট করার কথা ছিল তার।

কেনো সাত নম্বর পজিশনে ব্যাট করেছেন তার ব্যাখ্যা নিজেই দিয়েছেন সাকিব। তিনি বলেন, 'মাঝের ওভারগুলোতে দারুণ বোলিং করেছিলেন নিউজিল্যান্ডের দুই স্পিনার  ব্রেসওয়েল ও সোধি। আমি উপরে ব্যাট করতে পারতাম কিন্তু তাদের দুজন স্পিনার বোলিং করছিল এবং আমাদের বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন ধরে রাখার দরকার ছিল। ব্যাটিং এমন একটি জায়গা যেখানে আমাদের উন্নতির সুযোগ রয়েছে এবং এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে।'

নিউজিল্যান্ডের স্পিনাররাই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে করেন সাকিব। তিনি আরও বলেন, 'নিউজিল্যান্ডের স্পিনাররা ভালো বল করেছে। আমরা ভালো শুরু করেছিলাম কিন্তু তাদের মানসম্পন্ন স্পিনারদের সামলাতে পারিনি এবং আমরা কোনো মোমেন্টামই পাইনি। আমাদের উপরের তিন ব্যাটারকে পারফর্ম করতে হবে এবং ১৫-১৬ ওভার পর্যন্ত ব্যাট করতে হবে।'    

ইত্তেফাক/জেডএইচ