৭,০০০ মানুষের ধর্মান্তর-সভায় অংশ নেওয়া মন্ত্রীর পদত্যাগ

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৬:০২

শুক্রবার (৭ অক্টোবর) আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লি সরকারের সমাজকল্যাণ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম ‘ধম্ম চক্র প্রবর্তন দিন’—নামে এক অনুষ্ঠানে অংশ নেন। যেখানে ৭ হাজার মানুষ ধর্মান্তরিত হয়ে বৌদ্ধ ধর্মে শপথ নেন। এমন ধর্মান্তরকরণের কড়া সমালোচনা করে বিজেপি। এর ফলে তাকে বরখাস্তের দাবি জানানো হয়। বিজেপির দিক থেকে কড়া সমালোচনার মুখে রোববার (৯ অক্টোবর) সেই মন্ত্রী পদত্যাগ করেছেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, এএপি নেতা ও দিল্লি সরকারের সমাজকল্যাণমন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম প্রতিষ্ঠিত এক সংস্থা আয়োজিত ‘ধম্ম চক্র প্রবর্তন দিন’ অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ বৌদ্ধ ধর্মের নামে শপথ নেন। ১৯৫৬ সালের অক্টোবর মাসে ভীমরাও আম্বেদকর তার কয়েক লাখ ভক্তসহ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তার স্মরণেই প্রতিবছর এ দিনটি উদযাপন করা হয়।

মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম
অনুষ্ঠানে এএপি মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমসহ উপস্থিতদের 'আমার ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতি কোনো বিশ্বাস নেই এবং আমি তাদের পূজাও করি না' বলে শপথবাক্য পাঠ করতে শোনা যায়।

এর প্রতিক্রিয়ায় বিজেপি নেতা মনোজ তিওয়ারি জানান, এএপি মন্ত্রীরা দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছেন। এমন মন্ত্রীকে দ্রুত দল থেকে বহিষ্কার করা উচিত। বিজেপি তার বিরুদ্ধে অভিযোগ দেবে।

উল্লেখ্য, রাজেন্দ্র পাল গৌতমের প্রতিষ্ঠান জয় ভীম মিশন আয়োজিত ওই অনুষ্ঠানে ৭ হাজার মানুষ উপস্থিত ছিল। যাদের বেশিরভাগই দলিত শ্রেণির।  

ইত্তেফাক/ডিএস/এসসি