কাশির সিরাপ সেবনে আফ্রিকান দেশ গাম্বিয়ায় ৬৬টি শিশুর মৃত্যু হয়েছে। এসব চারটি ব্র্যান্ডের ওষুধ আমদানি করেছিল ভারতের একটি ওষুধ প্রস্ততকারক কোম্পানি থেকে।
বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে গাম্বিয়ার পুলিশ ও ভারত সরকার। এই ঘটনায় চারটি ব্র্যান্ডের প্রস্ততকারক ফার্মাসিউটিক্যালসহ ভারতের মেডিসিন কন্ট্রোল এজেন্সি এবং আমদানিকারকদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। গাম্বিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।
গাম্বিয়ার প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো জানান, তদন্তে যাকেই দোষী পাওয়া যাবে তাদের মধ্যে কাউকে ছাড় দেওয়া হবে না। এই ঘটনা নিয়ে গাম্বিয়ার সাধারণ জনগণও ক্ষুব্ধ। তবে কে দায়ী সেটি চিহ্নিত করাই কঠিন হয়ে পড়েছে।
বুধবার (৫ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই চারটি ব্র্যান্ডের কাশির সিরাপ সম্পর্কে বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে। সিরাপগুলো গত জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে কিডনি জটিলতা এবং শিশুদের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত বলে জানানো হয়েছে।
সন্তান হারানো বাবা-মারা জানিয়েছেন, সিরাপ সেবনের পর তাদের বাচ্চারা প্রস্রাব করা বন্ধ করে দেয়। অবস্থা দ্রুতই খারাপ হতে থাকে। বহু চেষ্টা করেও তারা সন্তানকে বাঁচাতে পারেননি।
যেসব সিরাপের ব্যাপারে সন্দেহ করা হচ্ছে সেগুলো হলো প্রোমেথাজিন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কফ সিরাপ, মেকফ বেবি কফ সিরাপ এবং ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ। ভারতীয় কোম্পানি মেইডেন ফার্মাসিউটিক্যালস এই সিরাপগুলো তৈরি করে।
ডব্লিউএইচও জানায়, কোম্পানিটি এসব ওষুধের ব্যাপারে নিরাপত্তা গ্যারান্টি দিতে ব্যর্থ হয়েছে। ভারত সরকারও বিষয়টি তদন্ত করছে। তবে বিবিসির পক্ষ থেকে ফার্মাটির সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো সাড়া দেয়নি।
তবে মেইডেনের মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ জানায়, এই ঘটনায় তারা হতবাক ও দুঃখিত। ভারতীয় স্বাস্থ্য প্রোটোকল অনুসরণ করেই তারা এই ওষুধ প্রস্তুত করেছেন। তদন্তের ব্যাপারে তারা সরকারকে সহযোগিতা করছেন।
গাম্বিয়ার স্বাস্থ্য পরিষেবার পরিচালক মুস্তাফা বিট্টের বরাত দিয়ে বিবিসি জানায়, সেপ্টেম্বর পর্যন্ত ৬৬ শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। ওষুধগুলো নিরাপদ কি না তা পরীক্ষা করার জন্য সক্ষম পরীক্ষাগার বর্তমানে গাম্বিয়াতে নেই। নমুনা সংগ্রহ করে তারা বিদেশে পাঠিয়েছেন। একটি মাননিয়ন্ত্রণ পরীক্ষাগার নির্মাণে অর্থায়ন পেতে বিশ্বব্যাংকের সঙ্গে তাদের আলোচনা চলছে বলেও জানান মুস্তাফা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, যে ওষুধগুলোর নমুনা পরীক্ষা হয়েছে তাতে নিশ্চিত হওয়া গেছে যে, এতে অগ্রহণযোগ্য মাত্রায় ডাই-ইথিলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল দূষণ রয়েছে।
এই রাসায়নিকগুলো বিষাক্ত। এগুলোর প্রভাবে পেটে ব্যথা, বমি, ডায়রিয়া, প্রস্রাব বন্ধ হওয়া, মাথাব্যথা, মানসিক অবস্থার পরিবর্তন এবং তীব্র কিডনি ব্যথা এবং চূড়ান্ত পরিস্থিতিতে মৃত্যুও হতে পারে।

