নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ মাঠে নামছে বাংলাদেশ। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত এমন সমীকরণের ম্যাচে মঙ্গলবার (১১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ খেলার কথা টাইগ্রেসদের। এমন দিনেই কি না সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হানা দিয়েছে বৃষ্টি।
জানা গেছে, সোমবার রাত থেকে সিলেটে মুষলধারে পড়ছে বৃষ্টি। থামেনি সকাল বেলায়ও। বাংলাদেশ-আমিরাত ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়, টস সাড়ে ৮টায়। কিছুই হয়নি। কখন হবে, এ নিয়েও নিশ্চয়তা মিলছে না। মাঠে নামার অপেক্ষায় আছে দুই দল।
নারী এশিয়া কাপে এখন অবধি পাঁচ ম্যাচ খেলেছে বাংলাদেশ, পেয়েছে চার পয়েন্ট। অন্যদিকে ছয় ম্যাচের সবগুলো খেলে থাইল্যান্ডের পয়েন্ট ৬। এই ম্যাচটি পরিত্যক্ত হলে স্বপ্ন ভাঙবে বাংলাদেশের। কেননা এখনও টাইগ্রেসরা থাইল্যান্ডের থেকে দুই পয়েন্ট পিছিয়ে। আমিরাতের বিপক্ষে টাইগ্রেসরা জিতলে নেট রান রেটের হিসাব আসবে না। আর হেরে গেলে বা ড্র করলে সেমিফাইনালে উঠে যাবে থাই মেয়েরা।
