অঘোষিত ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১০:৩২

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে আজ মাঠে নামছে স্বাগতিক ভারত ও সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতায় থাকায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় দিল্লীতে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

আসন্ন ট-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে ওয়ানডে সিরিজ খেলতে নামে ভারত। প্রথম ম্যাচে মাত্র ৯ রানে হারে তারা। তবে দ্বিতীয় ওয়ানডেতে শ্রেয়াস আইয়ার ও ইশান কিশানের ব্যাটিং নৈপুন্যে ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত।

দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান তুলেছিলো দক্ষিণ আফ্রিকা। জবাবে কিশানের ঝড়ো ব্যাটিং ভারতকে জয়ের পথেই রেখেছিলো। কিশান ৯৩ রানে থামলেও, সেঞ্চুরি তুলে নেন শ্রেয়াস আইয়ার। তার সেঞ্চুরিতে জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। ১১১ বলে ১৫ চারে অপরাজিত ১১৩ রান করেন আইয়ার। কিশানের ৮৪ বলের ইনিংসে ছিল ৪ চার আর ৭ ছক্কা। তৃতীয় উইকেটে কিশান-আইয়ারের ১৬১ রানের জুটি ভারতের জয়ে বড় অবদান রাখে।

সমতা এনে এবার সিরিজ জয়ের দিকে চোখ ভারতের। আইয়ার বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য সিরিজ জয়। শেষ ম্যাচটি জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাই। শেষ ম্যাচ জিততে দলের সবাই মুখিয়ে আছে।’

সিরিজ জয়ে চোখ দক্ষিণ আফ্রিকারও। ওপেনার জানেমান মালান বলেন, ‘শেষ ম্যাচটি দু’দলের জন্যই বড় পরীক্ষা। কন্ডিশনের কারনে ভারতই এগিয়ে থাকবে। তবে ভারতকে হারানোর সামর্থ্য আমাদের আছে। পরের ম্যাচ জিতে সিরিজ নিজেদের করতে চাই।’

১৩ দলের ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে ১৫ ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। তাই প্রোটিয়াদের সরাসরি বিশ্বকাপ খেলাও হুমকির মুখে।

অন্যদিকে, ১৭ ম্যাচে ১১৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে ভারত। ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। ১২০ করে পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ও পাকিস্তান।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এ পর্যন্ত ৮৯ বার দেখা হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার। এর মধ্যে ৫০বার জিতেছে প্রোটিয়ারা এবং ৩৬ বার জিতেছে ভারত। বাকি ৩টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

ইত্তেফাক/এসএস