গ্রিক রূপকথায় ফিনিক্স পাখির কথা হয়ত সবাই জানে। ধ্বংসস্তূপ থেকে জেগে উঠে নতুন জীবন নিয়ে উড়াল দেয় পাখিটি। তেমনই চকলেট দিয়ে একটি ফিনিক্সের নতুন রূপ তৈরি করেছেন বিশ্বখ্যাত রন্ধনশিল্পী আমুরি গুইচন। নিউজ-১৮ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রন্ধনশিল্পী আমুরি কেক, পেস্ট্রি, চকলেট বানানোর জন্য বিশ্বজুড়ে পরিচিত। চকলেট দিয়ে বড় বড় শিল্পকর্ম বানিয়ে তিনি সাড়া ফেলেছেন। এবার তিনি বানিয়েছেন ‘রূপকথার ফিনিক্স’ পাখি।
এ কাজের একটি ছোট্ট একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন আমুরি। ভিডিওটিতে দেখা যায়, বিশাল আকারের পাখিটির প্রতিটি অংশ চকলেট দিয়ে আলাদা করে বানানো। পরে সেগুলো যুক্ত করে পাখিটির আকার দেওয়া হয়। শুধু তা-ই নয়, পরে পুরো পাখি খাবারযোগ্য রং দিয়ে আঁকেন তিনি। আমুরির হাতের ছোঁয়ায় লাল-কমলা রঙে ফিনিক্স পাখিটি যেন জীবন্ত রূপ পেয়েছে।
পাখিটির দুইটি ডানা আলাদা করে নজর কাড়ে সবার। আমুরি জানান, চকলেট দিয়ে আলাদা করে পালক তৈরি করে ডানা বানাতে হয়েছে তাকে। পরে দুই হাজার চকলেটের পালক একটির পর একটি জোড়া দিয়ে ডানা বানানো হয়েছে। এমনকি পাখিটির ঠোঁট, চোখ, পা, নখ—কিছুই বাদ যায়নি। নিখুঁতভাবে চকলেট দিয়ে এসব অংশ বানিয়েছেন তিনি।
পাখিটি এতটাই নিখুঁত করে তৈরি করা হয়েছে যে প্রথম মনে হবে যে এটা আসল পাখি। এখনই বুঝি আকাশে উড়াল দেবে। কেউ বুঝতেই পারবেন না, এটা চকলেট দিয়ে বানানো।
এর আগে চকলেট দিয়ে আরও অনেক কিছু বানিয়েছেন আমুরি। তবে এবারের পাখিটির আকার, রং ও নিখুঁত কাজ অবাক করবে সবাইকে। ১ কোটি ২৮ লাখের বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী তার এই কাজের ভিডিও দেখেছেন।
