বগুড়ায় নিখোঁজ শিশুর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৫:০১

বগুড়ার শাজাহানপুরে ৭ দিন আগে নিখোঁজ হওয়া স্কুলছাত্র বুলবুল হোসেন বিজয় (৯) নামের এক শিশুর গলা ও হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে তার টুকরো টুকরো লাশ উদ্ধার করা হয়। নিহত বুলবুল হোসেন বিজয় লক্ষ্মীকোলা গ্রামের ভ্যান চালক সাইদুল ইসলামের ছেলে এবং লক্ষিকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, গত ৫ অক্টোবর বিকালে গ্রামের অন্যান্য শিশুদের সাথে বিজয় মাদলা মালীপাড়া গ্রামের যাওয়ার কথা বলে বের হয়। সন্ধ্যার পর অন্য শিশুরা বাড়ি ফিরলেও বিজয়ের খোঁজ পাচ্ছিলেন না তার পরিবার।

বিজয়ের বাবা বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। মঙ্গলবার ভোরে গ্রামের এক ব্যক্তি মাঠে কাজে যাওয়ার পথে পরিত্যক্ত ইটভাটার চিমনীর কাছ থেকে দুর্গন্ধ পেয়ে লাশের সন্ধান পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশের গলাকাটা ছাড়াও হাত-পায়ের রগ কাটা ছিল।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার বিজয়ের লাশ উদ্ধার করা হয়। সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের কাজ চলছে। এর আগে পরিবারের পক্ষে থেকে থানায় একটি জিডি করা হয়েছিল। কি কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

ইত্তেফাক/পিও/এআই