রাসেল ডমিঙ্গোকে সরিয়ে বাংলাদেশ দলের দায়িত্বটা তুলে দেওয়া হয়েছিলো তার কাঁধে। তবে টেকনিক্যালভাবেই কোচ থেকে পদের নামটা বদলে শ্রীধরণ শ্রীরামকে বলা হয়েছিলো টেকনিক্যাল কনসালট্যান্ট। আশা ছিলো তার হাত ধরে টি-টোয়েন্টির ব্র্যান্ড ক্রিকেটে নিজেদের উন্নতি ঘটাবে টিম টাইগার্স।
এশিয়া কাপের ঠিক আগ দিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন শ্রীরাম। তবে সেখানে দলের পারফরম্যান্সের অবস্থা একেবারেই যাচ্ছেতাই। এশিয়া কাপের নিদারুণ ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই ত্রিদেশীয় সিরিজেও দেওয়ালে পিঠ থেকে গেছে টাইগারদের। দলের এমন শোচনীয় অবস্থাতেও ক্রিকেটপ্রেমী আর গণমাধ্যম কর্মীদের কাছ থেকে সমর্থন চাইলেন শ্রীরাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় শ্রীরাম বলেন, ‘তাদের (টিম ম্যানেজমেন্ট) চোখে ধরা দিচ্ছে অনেক ইতিবাচক দিক, মিলছে উন্নতির দেখা। প্রতিদিন আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাই। প্রত্যেককে নতুন নতুন চ্যালেঞ্জ দিচ্ছি আমরা। তাদের শেখা হচ্ছে, অনেক উন্নতি দেখতে পাচ্ছি। আমাদের মিডল অর্ডার উন্নতির অনেক ছাপ দেখিয়েছে। ইয়াসির রাব্বি একদিন ফিনিশ করেছে। নুরুল হাসান সেদিন ট্রেন্ট বোল্টের বিপক্ষে যেভাবে শেষ করেছে সেটাও ইতিবাচক।’
ভক্ত ও গণমাধ্যমের সবাইকে ধৈর্য্য ধরার অনুরোধ জানিয়ে শ্রীরাম বলেন, ‘আমি সব ভক্ত ও গণমাধ্যমকে অনুরোধ করব আমাদের সমর্থন করে যান। এটা দেশের ব্যাপার। আমি নিশ্চিত করছি দেশের গৌরব আনতে ছেলেরা তাদের সেরাটাই দিচ্ছে। আমি সবাইকে ধৈর্য্য ধরতে বলব। আমরা ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলে বাংলাদেশকে গর্বিত করব।’
তিনি আরো বলেন, ‘তাসকিন যেভাবে বল করেছে প্রথম ম্যাচে, এরপর শরিফুল এসে যেমন বল করল। ফিন অ্যালেনকে আটকে রাখল। হাসান মাহমুদও চোট থেকে এসে ভাল করল। অনেক ইতিবাচক দিক আছে। ফিজ কিছু ব্যাপার নিয়ে কাজ করছে। সেও শক্তভাবে ফিরে আসবে। সাইফ সুযোগ পাবে। শান্ত এসে বোল্ট-সাউদির বিপক্ষে যেভাবে খেলল অবশ্যই সেগুলো ইতিবাচক অনেক কিছু।’
