স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় সফরকারী ইংল্যান্ড। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। এক ম্যাচ হাতে রেখে টানা দ্বিতীয় জয় তুলে সিরিজ নিশ্চিতের লক্ষ্যেই আজ মাঠে নামবে সফরকারীরা। অন্য দিকে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
ক্যানবেরাতে বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে শুরু হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ।
পার্থে প্রথম টি-টোয়েন্টিতে রানের বন্যা বইয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ব্যাটাররা। দু’দল মিলে করেছে ৪০৮ রান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২০৮ রান করে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৬৮ বলে ১৩২ রান তোলেন দুই ওপেনার অ্যালেক্স হেলস ও অধিনায়ক জস বাটলার।
৮ চার ও ৪ ছক্কায় ৩২ বলে ৬৮ রান করেন বাটলার। ১২ চার ও ৩ ছক্কায় ৫১ বলে ৮৪ রান তুলেন হেলস।
২০৯ রানের টার্গেটে জবাবটা দারুভাবে দিয়েছে অস্ট্রেলিয়াও। ডেভিড ওয়ার্নারের ৪৪ বলে ৭৪ রানের কল্যাণে ১৬ ওভার পর্যন্ত লড়াইয়ে ছিলো অজিরা। কিন্তু ১৭তম ওভারে ওয়ার্নারের আউটে, জয়ের আশা শেষ হয়ে যায় অসিদের। শেষ পর্যন্ত ৮ রানের জয় নিয়ে মাঠে ছাড়ে ইংল্যান্ড।
প্রথম ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সের পর আজ আরও বেশি আক্রমনাত্মক ক্রিকেট খেলার ইঙ্গিত দিয়েছেন ইংলিশ অধিনায়ক বাটলার। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে দুইশর বেশি রান করেও জিততে বেগ পেতে হয়েছে আমাদের। পরের ম্যাচে আরও ভালো ক্রিকেট খেলতে হবে। অস্ট্রেলিয়ার উপর চাপ বাড়াতে হবে। সিরিজ জয়ের কাজটা আগেভাগেই নিশ্চিত করতে হবে। নয়তো অজিরা ঘুড়ে দাড়াঁলে সিরিজে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে আমাদের।’
অন্য দিকে সিরিজে টিকে থাকতে জয় ছাড়া বিকল্প নেই অস্ট্রেলিয়ার। তাই দ্বিতীয় ম্যাচ জিততে তিন বিভাগেই ভালো করতে চান অজি কাপ্তান অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা খারাপ করিনি। বোলিংয়ে আরও উন্নতি করতে হবে। সিরিজে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কোন উপায় নেই। এজন্য তিন বিভাগেই আমাদের ভালো করতে হবে।’
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২১বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এর মধ্যে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে জয় সমান ১০টি করে। বাকি ১টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
