ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মেটা’ প্লাটফর্মকে সন্ত্রাসী ও চরমপন্থী সংস্থার তালিকায় যুক্ত করেছে রাশিয়া।
মঙ্গলবার (১১ অক্টোবর) মেটাকে এ তালিকায় যুক্ত করার বিষয়টি জানিয়েছে রাশিয়ার আর্থিক পর্যবেক্ষণ সংস্থা রসফিনমনিটরিং।
রাশিয়ার কালো তালিকায় তালেবান, বিদেশি বিভিন্ন সন্ত্রাসী সংগঠন, ডানপন্থী জাতীয়তাবাদী গোষ্ঠীসহ রুশবিরোধী মতের বিভিন্ন সংগঠন রয়েছে। এবার মেটাকেও সেই তালিকায় যুক্ত করলো দেশটি।
ইউক্রেনে অভিযান শুরুর পর মস্কো অভিযোগ তুলেছিল, মেটার মালিকানায় থাকা যোগাযোগ মাধ্যমগুলোতে রাশিয়ার বিরুদ্ধে ঘৃণা–বিদ্বেষ ছড়ানোর বিষয়টি প্রশ্রয় দেওয়া হচ্ছে। এরপর গত মার্চে চরমপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার নিষিদ্ধ করা হয় রাশিয়ায়।
মার্চেই রাশিয়ায় দোষী সাব্যস্ত হওয়ার পরে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মালিক মেটা একটি আপিল করে। আপিলটি জুন মাসে মস্কোর একটি আদালতে প্রত্যাখ্যান হয়েছিলো।
উল্লেখ্য, রাশিয়ার দেয়া নিষেধাজ্ঞার আগে মার্চে মেটার পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানো পোস্টের অনুমোদন দেওয়া হবে। এমনকি ইউক্রেনে রুশ হামলাকারীদের মৃত্যু কামনা করে দেওয়া পোস্টও মুছে ফেলা হবে না। সাধারণত এ ধরনের পোস্ট মেটার নীতিমালার বিরোধী।

