লক্ষ্মীপুর সদর উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে আনিকা (১৭) নামের এক কিশোরী দগ্ধ হয়ে মারা গেছেন। এ সময় দগ্ধ হওয়া মা জোৎসনা বেগম (৪০) ও ছোট ভাই রোকন মাহমুদকে (৯) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রণজিৎ কুমার সাহা।
জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোপালপুর পূর্ব মাগুরী গ্রামের জোড়পোলের পূর্ব পাশে আনোয়ার হোসেনের বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘরে থাকা আনোয়ারের মেয়ে আনিকা আক্তার ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যান। দগ্ধ হন তার মা জোৎসনা ও ভাই রোকন মাহমুদ।
স্টেশন কর্মকর্তা রণজিৎ কুমার সাহা বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা যাওয়ার আগেই বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এক জনের মৃত্যু ও দুজন দগ্ধ হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ ও পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
