টানা তিন ম্যাচে হেরে এক ম্যাচ বাকি থাকতেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদশ। আজ লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হেরে টুর্নামেন্টের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের।
নিউজিল্যান্ডের কাছে আজকের হারের কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আগের ম্যাচগুলোর মত আজও একইভাবে কয়েক ওভারে ধারাবাহিকভাবে উইকেট হারানোর ফলেই ম্যাচ হারতে হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ১৬৮ রানের টার্গেটে পেয়ে হেরে যাওয়া ম্যাচে টপ-অর্ডার ছোট-ছোট ইনিংস খেললেও সম্পূর্ণ ব্যর্থ ছিলেন মিডল-অর্ডার ব্যাটাররা। ১০১ রানে ৬ উইকেট হারিয়েই লড়াই থেকে ছিটকে পড়তে হয় বাংলাদেশকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে রানের গতি কম থাকার পাশাপাশি ৭৮ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ। পরবর্তীতে ১৩৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি টাইগাররা।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে উইকেট পতনের চিত্রে কোন পার্থক্য ছিলো না। তবে পুরোনো ভুল শুধরে নিয়ে আজ ফিরতি পর্বে আবারও নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ।
বাংলাদেশ বোলারদের বেধড়ক পিটিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২০৮ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। কিউইদের রানের পাহাড় টপকাতে একটা সময় পর্যন্ত ভালো অবস্থাতেই ছিলো বাংলাদেশ। ৯.৫ ওভার শেষে ২ উইকেটে ৯০ রান তুলে বাংলাদেশ। এরপর মিডল-অর্ডারের তিন ব্যাটার আফিফ হোসেন ৪, নুরুল হাসান ২ ও ইয়াসির ৬ রান করে আউট হয়ে বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দেয়।
টাইগার কাপ্তান সাকিব এক প্রান্ত আগলে লড়াই করলেও সতীর্থদের যথার্থ সঙ্গের অভাবে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। তাই ম্যাচ শেষে সাকিব বলেন, ‘ধারাবাহিকভাবে উইকেট হারানোর কারণেই আমাদের ক্ষতি হয়েছে। শেষ তিনটি ম্যাচেও আমরা কয়েক ওভারে একইভাবে ধারাবাহিকভাবে নিয়মিত উইকেট হারিয়েছি। এতে আমরা ছন্দ হারিয়ে ফেলছি। আমাদের ইনিংস বড় করতে পারিনি।’
বিশ্বকাপের সেরা কম্বিনেশনটা দাঁড় করাতে পরীক্ষা-নিরিক্ষা করেই যাচ্ছে বাংলাদেশ। এ ব্যাপারে সাকিব বলেন, ‘আমরা এ অবস্থা থেকে খুব বেশি এগোতে পারিনি, কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমরা জানি বিশ্বকাপে আমাদের কোন দলটি যাচ্ছে। আমরা বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশনটাই শুধু সাজিয়ে নিতে যাচ্ছি। আমরা আগামীকালের ম্যাচে জয়ের জন্য নামবো। ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
আগামীকাল লিগ পর্বের ও নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
