দুই ওপেনার হারালেও লিটন-সাকিবে বড় সংগ্রহের দিকে বাংলাদেশ

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১০:১৪

পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগই ছিলো বাংলাদেশের সামনে। আগেই ফাইনালের আশা শেষ হয়ে যাওয়ায় আজকের ম্যাচটি টাইগারদের জন্য শুধুই নিয়ম রক্ষার। এই ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমেও সেই পুরোনো চিত্র টাইগার ব্যাটিংয়ে। পাওয়ার প্লে'র ভেতরেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে দুই টাইগার ওপেনারকে। তবে দলের রানের গতি সচল রেখেছেন লিটন দাস আর সাকিব আল হাসান মিলে।

বাংলাদেশের জন্য ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচটি হয়ে গেছে শুধুই নিয়ম রক্ষার আর বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার। বাংলাদেশ সময় সকাল ৮টায় ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুর হওয়া ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষবারের মতো পরীক্ষা করে নিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার কাপ্তান সাকিব আল হাসান।

বাংলাদেশের জন্য আজকের ম্যাচটা শুধু নিয়ম রক্ষার হলেও দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া দলের জন্য একটি জয় অবশ্য এনে দিতে পারে ইতিবাচক আত্মবিশ্বাস। অধরা সেই জয়ের লক্ষ্যে মাঠে নেমে শুরুটা অবশ্য একদমই ভালো হয়নি বাংলাদেশের। 

প্রথম দুই ওভারে মাত্র ৭ রান তুলতে পারে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত। তৃতীয় ওভারের প্রথম বিলিয়ে দিয়ে আসেন সৌম্য। ৪ বলে ৪ রান করে নাসিম শাহের বলে ক্যাচ তুলে দেন শাদাব খানের হাতে। ৭ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

তিন নম্বরে নেমে লিটন অবশ্য বেশ ভালোই শুরু করেন। তবে অন্যপ্রান্তে আরেক ওপেনার শান্ত তখনও ভুগছেন। শেষ পর্যন্ত পাওয়ার প্লে'র শেষ ওভারে দলের ৪১ রানের মাথায় মোহাম্মদ ওয়াসিমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ফেরার আগে করেন ১৫ বলে ১২ রান। 

পাওয়ার প্লে'তেই ২ উইকেট হারিয়ে বাংলাদশের সংগ্রহ দাঁড়ায় ৪১ রান। দুই ওপেনার হারালেও লিটন দাসের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে সামনে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। 

লিটন সঙ্গী হিসেবে পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানকে। শুরুতেই উইকেট হারানোর চাপ এই দুজন মিলে সামলে নিয়েছেন ভালোভাবেই। দুজনের ভয়ডরহীন ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে টিম টাইগার্স। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮০ রান। লিটন দাস করেছেন ২৭ বলে ৪৪ রান, আর সাকিব ব্যাটিং করছেন ১৪ বলে ১৮ রানে।   

এদিকে এই ম্যাচ শেষেই বাংলাদেশ শিবিরে শুরু হয়ে যাবে বিশ্বকাপের তোড়জোড়। তার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে গত ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।  

নিউজিল্যান্ডের বিপক্ষে গতকালের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন আর এবাদত হোসেন। তাদের পরিবর্তে আজ মাঠে নামবে তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ।

আর ত্রিদেশীয় সিরিজে ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানও আজ শেষবারের মতো নিজেদের শক্তিমত্তা পরীক্ষা করে নিতে চাই। গত ম্যাচ থেকে এক পরিবর্তন নিয়ে মাঠ নামছে বাবর আজমের দল। শাহনেওয়াজ দাহানির জায়গায় আজ দলে এসেছেন মোহাম্মদ হাসনাইন। 

ইত্তেফাক/এসএস