শুরুতেই দুই ওপেনার হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশকে আবারও ট্র্যাকে ফিরিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান আর লিটন দাস মিলে। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক তুলে নিয়ে লিটন ফিরে যাওয়ার পর ফিফটি তুলে নিয়েছেন সাকিব আল হাসানও। গত ম্যাচেই নিউজিল্যান্ডের সঙ্গে ঝড়ো ফিফটির পর আজ পাকিস্তানের বিপক্ষেও স্ট্রোক প্লে'র পসরা সাজিয়েই টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২তম ফিফটি পেয়েছেন টাইগার অধিনায়ক।
দুই ব্যাটারের ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে বাংলাদেশ। ৪ চার আর ২ ছক্কায় ৩৪ বলে নিজের ফিফটি তুলে নিয়েছেন সাকিব। এর আগে ৫ চার আর ২ ছক্কায় ৩৯ বলে ৬৫ রান করে ফিরে গেছেন লিটন দাস।
ক্রাইস্টচার্চে নিয়ম রক্ষার ম্যাচে ব্যাটিংয়ে ধ্বস নামার পুরোনো জুজু ভর করলেও এবার অবশ্য আর তা নামতে দেননি লিটন দাস আর সাকিব আল হাসান। ৪১ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ৮৮ রানের জমাট এক জুটিতে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন এই দুজন। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৭ম ফিফটি তুলে নিয়েছেন লিটন দাস। শেষ পর্যন্ত মোহাম্মদ নেওয়াজের বলে আউট হওয়ার আগে করেছেন ৪২ বলে ৬৯ রান।
পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিলো বাংলাদেশের সামনে। আগেই ফাইনালের আশা শেষ হয়ে যাওয়ায় আজকের ম্যাচটি টাইগারদের জন্য হয়ে দাঁড়ায় শুধুই নিয়ম রক্ষার। এই ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমেও সেই পুরোনো চিত্র টাইগার ব্যাটিংয়ে। পাওয়ার প্লে'র ভেতরেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে দুই টাইগার ওপেনারকে।
বাংলাদেশ সময় সকাল ৮টায় ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হওয়া ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষবারের মতো পরীক্ষা করে নিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান।
বাংলাদেশের জন্য আজকের ম্যাচটা শুধু নিয়ম রক্ষার হলেও দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া দলের জন্য একটি জয় অবশ্য এনে দিতে পারে ইতিবাচক আত্মবিশ্বাস। অধরা সেই জয়ের লক্ষ্যে মাঠে নেমে শুরুটা অবশ্য একদমই ভালো হয়নি বাংলাদেশের।
প্রথম দুই ওভারে মাত্র ৭ রান তুলতে পারে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত। তৃতীয় ওভারের প্রথম বলেই নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন সৌম্য। ৪ বলে ৪ রান করে নাসিম শাহের বলে ক্যাচ তুলে দেন শাদাব খানের হাতে। ৭ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
তিন নম্বরে নেমে লিটন অবশ্য বেশ ভালোই শুরু করেন। তবে অন্যপ্রান্তে আরেক ওপেনার শান্ত তখনও ভুগছেন। শেষ পর্যন্ত পাওয়ার প্লে'র শেষ ওভারে দলের ৪১ রানের মাথায় মোহাম্মদ ওয়াসিমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ফেরার আগে করেন ১৫ বলে ১২ রান।
পাওয়ার প্লে'তেই ২ উইকেট হারিয়ে বাংলাদশের সংগ্রহ দাঁড়ায় ৪১ রান। দুই ওপেনার হারালেও লিটন দাসের আত্মবিশ্বাসী ব্যাটিংয়েই বড় সংগ্রহের আশা দেখতে শুরু করে বাংলাদেশ। পাকিস্তানি বোলারদের বিপক্ষে নিজের ক্ল্যাসিক আর স্ট্রোক প্লে'তে মাঠের চারদিকেই মুগ্ধতা ছড়িয়েছেন লিটন।
৪১ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক সাকিবকে সঙ্গে নিয়ে বেশ ভালোভাবেই দলকে এগিয়ে নিয়েছেন লিটন। ইনিংসের ১২তম ওভারে ৩১ বলেই নিজের ফিফটি তুলে নেন লিটন। ৫ চার আর ১ ছক্কায় বেশ সাবলীলভাবেই রানের চাকা সচল রাখেন তিনি।
লিটনকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক সাকিব। উইকেটে এসে ভয়ডরহীন ব্যাটিংয়ে প্রথম থেকেই স্ট্রোক প্লে'তে মুগ্ধ করেন গত ম্যাচেই দুর্দান্ত ফিফটি করা সাকিব। শুরুতেই উইকেট হারানোর চাপ এই দুজন মিলে সামলে নিয়েছেন ভালোভাবেই। দুজনের ভয়ডরহীন ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়েছে টিম টাইগার্স।
ইনিংসের ১৫তম ওভারে এসে ভাঙ্গে এই জুটি। ৬ চার আর ২ ছক্কায় ৪২ বলে ৬৯ রান করে আউট হন লিটন দাস। লিটনের আউটের পর আরও বেশি মারমুখী হয়েছেন সাকিব। ১৭তম ওভারে ৩৪ বলে তুলে নেন নিজের ফিফটি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ ওভারে শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৬১ রান। ৭ চার ও ৩ ছক্কায় সাকিব ব্যাটিং করছেন ৪১ বলে ৬৮ রানে। ৭ বলে ৪ রান নিয়ে তার সঙ্গে আছেন আফিফ হোসেন।
