আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার মার্কো জানসেন।
বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার ঘোষিত দলে রিজার্ভ তালিকায় ছিলেন জানসেন। প্রিটোরিয়াসের ইঞ্জুরিতে কপাল খুলেছে জানসেনের। বাঁহাতি এই পেসার মূল দলে সুযোগ পাওয়ায় রিজার্ভ তালিকায় যুক্ত হয়েছেন পেসার লিজাড উইলিয়ামস।
সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলার সময় বাঁহাতের বুড়ো আঙুলের ইঞ্জুরিতে পড়েন প্রিটোরিয়াস। পরে এক্স-রে’তে দেখা যায় প্রিটোরিয়াসের আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে ভারতের বিপক্ষে সিরিজের পরবর্তী অংশের জন্য প্রিটোরিয়াসের জায়গায় দলে নেওয়া হয়েছিলো জানেসেনকে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন প্রিটোরিয়াস। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।
গত জুনে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় জানেসেনের। সেই ম্যাচে ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। ঐ ম্যাচটি এখন পর্যন্ত একমাত্র টি-টোয়েন্টি জানসেনের। দেশের হয়ে ৭ টেস্টে ৩৭টি ও ৩ ওয়ানডেতে ২ উইকেট আছে তার।
জানসেনের সাথে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে পেস অ্যাটাকে আরও আছেন কাগিসো রাবাদা, এনরিখ নর্টজে, ওয়েইন পারনেল এবং লুঙ্গি এনগিডিরা।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্রিটোরিয়াস। এর আগে গত মাসে আঙুলের ইঞ্জুরিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভঙ্গ হয় মিডল অর্ডার ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন, রেজা হেনড্রিক্স, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিখ নর্টজে, ওয়েইন পারনেল, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি এবং ট্রিস্টান স্টাবস।
রিজার্ভ তালিকা: বিজর্ন ফর্টুইন, লিজাড উইলিয়ামস এবং আন্দিলে ফেলুকুওয়াও।
