সাভারে একটি নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকের ভেতর থেকে অজ্ঞাতনামা দুই নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার মজিদপুর মহল্লার মো. জাহাঙ্গীর আলমের নির্মাণাধীন ভবনের সেফটির ট্যাংক থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়।
ভবনের মালিক এবং ঠিকাদার মো. ইউনুস ঘটনাস্থলে না থাকায় নিহতদের কোনো নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁদের বয়স ৪০ থেকে ৪৫-এর মধ্যে।
জানা গেছে, বিকাল ৫টার দিকে ওই দুই শ্রমিক সেফটিক ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের বাঁশ-কাঠ খোলানোর জন্য নামে। এ সময় সেখানে অক্সিজেনের অভাবে তাঁরা দুজনই অচেতন হয়ে যান এবং ট্যাংকের ভেতর জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শ্বাসরোধ হয়ে মারা যেতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ পিয়াল বলেন, দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
