ক্রিকেটামোদীদের হতাশা বাড়িয়ে ভারত ও নিউজিল্যান্ডের খেলাটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেল। গতকাল বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে খেলাটি হওয়ার কথা ছিল। কিন্তু একটি বলও মাঠে গড়ায়নি।
ভারত ও নিউজিল্যান্ড উভয় দলই শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখার লক্ষ্যে মাঠে নামতে চেয়েছিল। কিন্তু নিয়মিত বৃষ্টি ও ভেজা আউটফিল্ড মিলিয়ে খেলা তো দূরে থাক, টস করাও সম্ভব হয়নি।
এ নিয়ে চলতি বিশ্বকাপে চারটি খেলা পরিত্যক্ত হলো। আগের বিশ্বকাপগুলোয় সর্বোচ্চ দুটি করে খেলা পরিত্যক্ত হয়েছিল। সেটি ছিল ১৯৯২ ও ২০০৩ বিশ্বকাপে।
নিউজিল্যান্ড ও ভারত চলতি বিশ্বকাপে এখনো অপরাজিত আছে। এর মধ্যে চার খেলায় সাত পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্ল্যাক ক্যাপরা। সমান খেলায় ছয় পয়েন্ট পেয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ও ভারত তিন খেলা শেষে পাঁচ পয়েন্টের সুবাদে আছে তৃতীয় স্থানে।
ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘আউটফিল্ড পুরোপুরি সারানো যায়নি বলে খেলা না হওয়ার সিদ্ধান্তটা সঙ্গত। এ পর্যন্ত সব ম্যাচ জেতা দলের জন্য এক পয়েন্ট পাওয়া খারাপ কিছু নয়।’ বিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘এটা আদর্শ কিছু নয়। তবে কিছু সময় পাওয়াও গুরুত্বপূর্ণ।’
