গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সিইসি যথাযথ ব্যবস্থা নেবেন: ওবায়দুল কাদের

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৬:১৪

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে কী কারণে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে, তা স্পষ্ট নয়; জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রিজাইডিং অফিসারদের ভাষ্যমতে, নির্বাচনী কর্মকর্তাসহ সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ছবি- ফেসবুক থেকে নেওয়া

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ২২ ও ২৬ নম্বর রুটে ঢাকা নগর পরিবহনের বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, বিএনপির মামাবাড়ির আবদার, এ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘যে নেতা রাজনীতি না করার মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে, আগে তার মুচলেকা প্রত্যাহার করুন। তারপর দেখা যাবে।’

বিএনপির সমাবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ঘোষণা দিয়ে সমাবেশ করলে ১০ লাখের বেশি লোক হবে। বিএনপি ঘোষিত সমাবেশে ১ লাখের মতো লোক জমায়েত হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ছবি- ফেসবুক থেকে নেওয়া

বিএনপিকে সতর্ক করে তিনি বলেছেন, ‘রাজপথে ফয়সালা হবে। আন্দোলন করছেন, ভালো কথা; আবারও লাঠিসোটা ও আগুন সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে বিএনপিকে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পরিবহনে যদি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে কোনো উন্নয়নেই সুফল বয়ে আনবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ছবি- ফেসবুক থেকে নেওয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য সাদেক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইত্তেফাক/এমএএম