সেনাবাহিনীর একটি ব্রিগেড এবং চারটি ইউনিটের পতাকা উত্তোলন 

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ২২:০২

বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সাভার সেনানিবাসে সিএমপি সেন্টার এন্ড স্কুলে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড, ১৫ ই বেঙ্গল (মেকানাইজড), ৪০ ই বেঙ্গল (মেকানাইজড), ৯ বীর (মেকানাইজড) এবং ১১ বীর (মেকানাইজড) এর পতাকা উত্তোলন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

এসময় ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধানমন্ত্রীর পক্ষে সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড এর পতাকা উত্তোলন করেন। 

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড, ১৫ ই বেঙ্গল (মেকানাইজড), ৪০ ই বেঙ্গল (মেকানাইজড), ৯ বীর (মেকানাইজড) এবং ১১ বীর (মেকানাইজড) এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে ফোটোসেশনে অংশগ্রহণ করেন। ছবি- আইএসপিআর

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, পিএইচডি; মাস্টার জেনারেল অব অর্ডিন্যান্স মেজর জেনারেল মোঃ আবু সাঈদ সিদ্দিক, এসইউপি, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, এনডিসি, এইচডিএমসি, পিএসসি এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি অন্যান্য ইউনিটসমূহের পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন প্যারেড শেষে প্রধানমন্ত্রী তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। 

ছবি- আইএসপিআর

এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি এই দিনটিকে একটি অত্যন্ত আনন্দের দিন, পরিপূর্ণতা অর্জন এবং একটি মাইলফলক পেরোনোর দিন হিসেবে অভিহিত করেন। নবগঠিত ব্রিগেড সদর দপ্তর ও ইউনিটসমূহের উত্তরোত্তর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। 

পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে সেনাবাহিনীর নতুন ব্রিগেড ও ইউনিটসমূহের সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা জানান অগণিত বীর শহিদ ও সাহসী বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাংলাদেশের প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন। 

উক্ত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্টডক মেজর জেনারেল এস এম কামরুল হাসান, এনডিসি, এইচডিএমসি, পিএসসি’সহ ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ, অসামরিক কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এমএএম