বালু ব্যবসাকে কেন্দ্র করে চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনসহ দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অপরজন হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক অশোক সেন। এ সময় শহীদুল ইসলাম দুখু নামের আরেকজন আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাহমুদা আক্তার বলেন, গুলিবিদ্ধ হয়ে মেয়র রেজাউল করিম খোকন ও অশোক সেন হাসপাতালে আসেন দুপুর ১২টায়। মেয়র খোকনের শরীরের বাম পাশে কোমরের ওপরে একাধিক স্প্লিন্টার ডুকেছে এবং রক্তচাপ কমে গেছে। অশোক সেনের বাম হাত ভেঙে গেছে এবং গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ বলেন, মুহুরী প্রজেক্ট এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন ও অশোক সেন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
