কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারের ফেরিঘাট এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক রাসেল আলম বাহাদুর (৩০) বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া এলাকার নুরুল ইসলাম বাহাদুরের ছেলে।
স্থানীয় লোকজন বলেন, স্থানীয় বদরখালী কলেজপাড়া এলাকার যুবক মো. ইয়াছিন (২০) তার মাকে নিয়ে রাসেলের সিএনজি চালিত অটোরিকশায় চড়ে বদরখালী বাজারে যান। ইয়াছিনের বাবা মোহাম্মদ ইসহাক বদরখালী বাজারে চায়ের দোকান করেন। বদরখালী বাজারে পৌঁছার পর অটোরিকশা চালক রাসেলের সঙ্গে ভাড়া নিয়ে ইয়াছিনের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ইয়াছিন দোকান থেকে ছুরি নিয়ে রাসেলের বুকে আঘাত করেন। পরে স্থানীয় ব্যবসায়ীরা রাসেলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে রাসেলের মৃত্যু হয়েছে।
চকরিয়া থানার পুলিশ জানায়, রাসেলের মৃত্যুর পর ইয়াছিন পালিয়ে গেছেন। তবে তার বাবা ও বড়ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক রাজিব সরকার বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাসেলের বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন আছে। খুনিকে ধরতে পুলিশ চেষ্টা করছে।

করোনায় ৪ জনের মৃত্যু
পাঠ্যপুস্তকে ‘ফিকামলি’ অন্তর্ভুক্ত করা প্রয়োজন: ড. আবদুল ওয়াদুদ