রাশিয়ার সীমান্তবর্তী একটি গ্রামে ইউক্রেনের গোলা হামলায় রাশিয়ার একটি অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন দেশটির বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম পোস্টের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বিভিন্ন শহরে গত সোমবার (১০ অক্টোবর) থেকে প্রতিনিয়ত হামলা করে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনও পাল্টা হামলার হুমকি দিয়েছে।
এর মধ্যেই বৃহস্পতিবার ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর জানান, সেখানকার একটি গ্রামে ইউক্রেনীয় সেনারা গোলা নিক্ষেপ করেছেন। হামলায় রাশিয়ার অস্ত্রভাণ্ডারে আগুন লেগে গেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
রাশিয়ার দক্ষিণ-পশ্চিম দিকে বেলগোরোদ শহরটি অবস্থিত। দেশটির দক্ষিণাঞ্চলে ইউক্রেনীয় সেনারা গোলা হামলা চালাচ্ছেন বলে বারবার দাবি করে আসছেন রুশ কর্মকর্তারা। গত জুলাইয়ে বেলগোরোদে একটি বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। ওই বিস্ফোরণে তিনজন নিহত হন বলে অভিযোগ করা হয়।
চলতি সপ্তাহে বেলগোরোদের একটি বিদ্যুৎ স্থাপনায়ও ইউক্রেন গোলা হামলা চালায় বলে দাবি করেছেন গ্লাদকভ। এতে প্রায় দুই হাজার মানুষ কিছু সময়ের জন্য বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে আরও হামলার আশঙ্কায় সোমবার (১০ অক্টোবর) গ্লাদকভ ঘোষণা দেন, দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ক্লাস চলবে।
