দাঙ্গার ঘটনায় ট্রাম্পকে আইনি সমন জারি

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ২৩:০৩

ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনায় সাক্ষ্য দিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আইনি সমন জারি করবে কংগ্রেসের তদন্ত কমিটি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসের যে কমিটি ২০২১ সালের ৬ জানুয়ারির এ দাঙ্গার ঘটনা তদন্ত করছে, তারা বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ট্রাম্পকে সাক্ষ্য দিতে সমন জারির পক্ষে ভোট দেয়।

৯ সদস্যের এ প্যানেলে ৭ জন ডেমোক্র্যাট ও ২ জন রিপাবলিকান আইনপ্রণেতা রয়েছেন। ক্যাপিটল দাঙ্গার বিষয়ে নথিপত্র প্রদান ও সাক্ষ্য দেওয়ার জন্য সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে সমন জারির পক্ষে প্যানেলের সব সদস্য ভোট দিয়েছেন।

প্যানেলের সদস্য মিসিসিপির ডেমোক্র্যাট প্রতিনিধি বেনি থম্পসন জানান, ট্রাম্পকে তার কর্মকাণ্ডের ব্যাপারে জবাব দিতে হবে। আগামী কয়েক দিনের মধ্যে ট্রাম্পকে সমন জারি করা হতে পারে। সমন প্রতিপালনে তাকে সময় বেঁধে দেওয়া হবে।

ট্রাম্প যদি এ সমন প্রতিপালন না করেন, তাহলে তিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হতে পারেন। তিনি এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড হতে পারে।

তদন্ত কমিটির ভাইস চেয়ারম্যান ও ওয়াইমিংয়ের রিপাবলিকান প্রতিনিধি লিজ চেনি জানান, তারা আমরা সরাসরি ট্রাম্পের কাছ থেকে উত্তর চান, যিনি এসবের সূত্রপাত ঘটিয়েছেন। প্রত্যেক আমেরিকান এ উত্তর পাওয়ার অধিকারী।

কংগ্রেস কমিটি প্রায় ৯ মাস ধরে ক্যাপিটল দাঙ্গার তদন্ত করছে। কমিটি সম্ভবত এ বিষয়ে চূড়ান্ত শুনানি করতে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্পকে সমন জারির মতো পদক্ষেপ নিতে যাচ্ছে কমিটি।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে ট্রাম্প পরাজিত হন। নির্বাচনে বাইডেনের জয়ের সত্যায়ন ঠেকাতে ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে (ক্যাপিটল হিল) ট্রাম্পের হাজারো উগ্র সমর্থক সহিংস হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। ট্রাম্পের উসকানিতে এ হামলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। 

ইত্তেফাক/এএইচপি