খুলনায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১৮:৪২

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির গাজী হত্যা মামলার আসামি শামীম শেখকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে ফুলতলা উপজেলার গাড়াখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছবি- প্রতীকী (সংগৃহীত)

র‌্যাব-৬ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিক আনাম বান্না জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর দেড়টার দিকে ফুলতলা উপজেলার গাড়াখোলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

ছবি- প্রতীকী (সংগৃহীত)

উল্লেখ্য, গত ১২ জুন বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন মোটরসাইকেলে বোয়ালিয়ারচর গ্রামে মাছের ঘের দেখে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। বাড়ি ফেরার পথে বোয়ালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গাজী জাকির হোসেন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তার ছেলে দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এমএএম