অষ্টম আসর, ১৬ দল, ৪৫ ম্যাচ, সাত ভেন্যু, ১৬ অক্টোবর-১৩ নভেম্বর। অল্প কথায় আইসিসি টি-২০ বিশ্বকাপের সামগ্রিক ছবি। রাত পোহালেই তাসমান সাগর পাড়ে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের খুদে সংস্করণের বিশ্বকাপ।
গত বছর সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল টি-২০ বিশ্বকাপ। বছর না ঘুরতেই ক্রিকেট রোমান্টিকদের বিনোদনের পূর্ণ আয়োজন এবার অস্ট্রেলিয়ায়। যদিও এই আসরটা হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনা ভাইরাসের আক্রমণে তখন গোটা পৃথিবী অসুস্থ হয়ে পড়েছিল। মহামারির কারণে ঐ বছর আয়োজক অস্ট্রেলিয়া ও আইসিসি বিশ্বকাপ সরিয়ে নেয় ২০২২ সালে। অবশেষে করোনার চাদর সরিয়ে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে কুড়ি ওভারে বিশ্বের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই।
যুবরাজ সিংয়ের ছয় ছক্কা, কার্লোস ব্রেথওয়েটের শেষ ওভারের বীরত্বের ন্যায় ঐতিহাসিক মুহূর্ত অস্ট্রেলিয়ায় ধরা দেবে কি না বলা কঠিন, তবে এটুকু নিশ্চিত যে, আগামী এক মাস টি-২০’র নিখাদ রোমাঞ্চ, উত্তেজনায় আচ্ছন্ন থাকবে ক্রিকেট দুনিয়া। হবে সেয়ানে-সেয়ানে টক্কর, শ্বাসরোধী লড়াই, চার-ছক্কার ধামাকা।
এবারও বিশ্বকাপের ফরম্যাটে থাকছে প্রথম রাউন্ড, সুপার টুয়েলভ রাউন্ড। প্রথম রাউন্ডে দুই গ্রুপে খেলছে আটটি দল। প্রথম রাউন্ড থেকে চারটি দল উন্নীত হবে সুপার টুয়েলভ পর্বে, যেখানে আট দল আগেই নির্দিষ্ট। কার্যত সেটাই বিশ্বকাপের মূল পর্ব।
আজ প্রথম রাউন্ডে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভিক্টোরিয়ার জিলংয়ে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নামিবিয়া। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে আরব আমিরাত। ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আগামী ২১ অক্টোবর শেষ হবে প্রথম রাউন্ড।
সুপার টুয়েলভ পর্ব শুরু হবে আগামী ২২ অক্টোবর। যেখানে গ্রুপ-২ এ আছে বাংলাদেশ দল, সঙ্গী ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও প্রথম রাউন্ড থেকে উঠে আসা দুটি দল। আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। হোবার্টে টাইগারদের প্রতিপক্ষ হবে প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের রানার্সআপ দল।
অ্যাডিলেড ও সিডনিতে হবে বিশ্বকাপের দুটি সেমিফাইনাল। মেলবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেল জিটিভি বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচার করবে।
গত বছর মরুর বুকে প্রথম বার সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। নিজেদের উঠানে ট্রফি জয়ের বড় সুযোগ এবার স্বাগতিকদের সামনে। পরপর দুই শরত্কালে টি-২০’র বিশ্বজয়ী হওয়াটা অবশ্য সহজ কথা নয়। সবকিছু ছাপিয়ে অস্ট্রেলিয়ার কন্ডিশনে বিশ্বকাপ সবার জন্য উপভোগ্য হয়ে উঠবে, ভবিষ্যতের জন্য রোমাঞ্চকর সব স্মৃতি তৈরি করবে, এটাই ক্রিকেটপ্রেমীদের আশা।
