সেঞ্চুরি সব ব্যাটসম্যানের কাছেই আরাধ্য। টেস্ট, ওয়ানডের চেয়ে কুড়ি ওভারের ক্রিকেটে সেঞ্চুরি একটু বেশিই স্পেশাল। আন্তর্জাতিক টি-২০ তে সেঞ্চুরির তালিকাও ১০০ তে পৌঁছে গেছে। তবে এসবের মাঝে আট জন ভাগ্যবানকে আলাদা করা সম্ভব। কারণ তারা টি-২০ বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরির গৌরব অর্জন করেছেন।
অস্ট্রেলিয়ায় আজ শুরু হচ্ছে বিশ্বকাপের অষ্টম আসর। আগের সাত আসরে হয়েছে নয়টি সেঞ্চুরি। যার মধ্যে সর্বোচ্চ দুটি সেঞ্চুরির কীর্তি রয়েছে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের। মর্যাদার এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। সেটি তামিম ইকবালের কল্যাণে। এছাড়া বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, পাকিস্তানের আহমেদ শেহজাদ, ভারতের সুরেশ রায়না, শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও ইংল্যান্ডের জস বাটলার।
বিশ্বকাপে ২০১০, ২০১৪ ও ২০১৬ সালের আসরে দুটি করে সেঞ্চুরি হয়েছে। ২০০৭, ২০১২ ও ২০২১ সালে একটি করে সেঞ্চুরি হয়েছে।
ক্রিস গেইল
টি-২০ বিশ্বকাপের প্রথম আসরেই সেঞ্চুরি করেছিলেন গেইল। তাকে বল হয় টি-২০’র বড় বিজ্ঞাপন। ২০০৭ সালে আসরের প্রথম ম্যাচেই জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছক্কা বৃষ্টি নামিয়েছিলেন এই ক্যারিবিয়ান। ৫৭ বলে ১১৭ রান করেছেন গেইল, যেখানে ছিল ৭ চার ও ১০টি ছক্কা। যদিও ২০৫ রান করেও সেদিন ম্যাচটা হেরেছিল ওয়েস্টইন্ডিজ। ৯ বছর পর বিশ্বকাপে আবারও সেঞ্চুরি পেয়েছেন গেইল। ২০১৬ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে সুপার ১০’র ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৮ বলে অপরাজিত ১০০ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ইনিংসে ছিল ৫টি চার ও ১১টি ছক্কা।
সুরেশ রায়না
ওয়েস্টইন্ডিজের মাটিতে ২০১০ সালে সেঞ্চুরি করেছেন ভারতের এই ব্যাটসম্যান। সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬০ বলে ১০১ রানের ইনিংস খেলেন রায়না। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি ছয়। বিশ্বকাপে ভারতের একমাত্র সেঞ্চুরিয়ান তিনি।
মাহেলা জয়াবর্ধনে
২০১০ সালের আসরেই গায়ানায় জিম্বাবুয়ের ওপর তোপ দাগিয়েছিলেন জয়াবর্ধনে। ৬৪ বলে ১০০ রান করেছিলেন এই লঙ্কান গ্রেট। এই ইনিংসে ১০টি চার ও ৪টি ছক্কা মেরেছিলেন তিনি।
ব্রেন্ডন ম্যাককালাম
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরি করেছিলেন ম্যাককালাম। তার আগুনে ব্যাটিংয়ের শিকার হয়েছিল বাংলাদেশ। পাল্লেকেলে ৫৮ বলে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন ম্যাককালাম। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৭টি ছক্কা।
অ্যালেক্স হেলস
বাংলাদেশের মাটিতে ২০১৪ সালের বিশ্বকাপের আসরে প্রথম সেঞ্চুরি করেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। বন্দরনগরী চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৪ বলে অপরাজিত ১১৬ রান করেন হেলস। ১১টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।
আহমেদ শেহজাদ
২০১৪ সালে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে সেঞ্চুরির আনন্দে ভেসেছিলেন আহমেদ শেহজাদ। পাকিস্তানের এই ওপেনার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৬২ বলে অপরাজিত ১১১ রান করেছিলেন শেহজাদ। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা।
তামিম ইকবাল
টি-২০ বিশ্বকাপ এবং এ ফরম্যাটে এখনো বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম। ২০১৬ সালে ভারতের ধর্মশালায় দেশের হয়ে প্রথম সেঞ্চুরির ইতিহাস গড়েন বাঁহাতি এ ওপেনার। ওমানের বিপক্ষে ৬৩ বলে অপরাজিত ১০৩ রান করেন তামিম। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৫ ছক্কা।
জস বাটলার
সংযুক্ত আরব আমিরাতে গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরিয়ান জস বাটলার। শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের এই মারকুটে ব্যাটসম্যান। ৬টি চার ও ৬টি ছক্কায় ৬৭ বলে অপরাজিত ১০১ রান করেন বাটলার।
