তবু রোমাঞ্চিত সাকিব

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৪:৩৩

বাংলাদেশ দল যখন বিশ্বকাপ খেলতে ঢাকা ত্যাগ করেছে অধিনায়ক সাকিব আল হাসান তখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শেষ করে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছিলেন। অধিনায়কের অনুপস্থিতির কারণে দেশের মাটিতে বিশ্বকাপ দলের ফটোসেশন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়নি। যার কারণে সমালোচনার মুখে পড়েছে বিসিবিও।

মিরপুরে হয়তো সংবাদ সম্মেলনে প্রশ্নের মিছিলে পড়তেন সাকিব। কিন্তু গতকাল মেলবোর্নের রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে বাংলাদেশের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকা বাঁহাতি এ অলরাউন্ডারের প্রতি আগ্রহ দেখায়নি কেউ।

গতকাল আইসিসির আয়োজিত ক্যাপ্টেনস মিডিয়া ডে’ তে সংবাদ সম্মেলন ও ফটোসেশনে অংশ নিয়েছেন সাকিব। বিশ্বকাপে অংশ নেওয়া ১৬ দলের অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের কেউ প্রশ্নই করেননি বাংলাদেশের অধিনায়ককে। পরে সঞ্চালক নিজেই উদ্যোগী হয়ে বিশ্বকাপ মিশন ও দলের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন সাকিবের কাছে।

নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপের মঞ্চে এসেছে বাংলাদেশ দল। তারপরও অধিনায়ক সাকিব বেশ রোমাঞ্চিত। কারণ বিশ্বকাপ দিয়েই দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক টি-২০ খেলবেন তিনি। শুধু তিনিই নন, বাংলাদেশ দলে থাকা সব ক্রিকেটারই প্রথমবার অস্ট্রেলিয়ায় টি-২০ খেলার সুযোগ পাচ্ছেন।

ক্রিকেটকুলীন অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের পা পড়েছে খুব কম। এখন পর্যন্ত এখানে ওয়ানডে ও টেস্টই খেলেছে লাল-সবুজের দল। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ অস্ট্রেলিয়ায় ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর আগে ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরে তিনটি  ওয়ানডে খেলেছিল টাইগাররা। ২০০৩ সালে টেস্ট ও ওয়ানডের পূর্ণাঙ্গ সিরিজে স্বাগতিকদের বিরুদ্ধে মাঠে নেমেছিল বাংলাদেশ। বলা বাহুল্য, তখন তো টি-২০ ফরম্যাটেরই জন্ম হয়নি।

গতকাল ক্যাপ্টেনস মিডিয়া ডে তে সেটাই তুলে ধরেছেন সাকিব। তিনি বলেছেন, ‘আমাদের দলটা রোমাঞ্চকর। বেশির ভাগই নতুন। এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। আমরা সবাই অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-২০ খেলব।’

অবশ্য সাকিবের মুখ থেকে কথা শুনে অবাক হয়ে যান সঞ্চালক। বিস্ময় না লুকিয়ে সঙ্গে সঙ্গে তিনি জানতে চাইলেন, আসলেই কি কখনো অস্ট্রেলিয়ায় টি-২০ খেলা হয়নি আপনাদের? হাসতে হাসতে উত্তরে বাংলাদেশের অধিনায়কও বলেন, ‘হ্যাঁ, আর আমি আন্তর্জাতিক টি-২০ খেলছি ১৫ বছর ধরে।’

হারের মিছিলে থাকলেও বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সাকিব, ‘আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ক্রাইস্টচার্চে আমরা খুব ভালো দুটি দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছি। অস্ট্রেলিয়ায় ভালো করতে কী করতে হবে, সেটা আমরা এখন জানি। বিশ্বকাপে ভালো করতে যথেষ্ট প্রস্তুতিও আছে আমাদের।’

এদিকে গতকালই ক্রাইস্টচার্চ থেকে অস্ট্রেলিয়ায় এসে পৌঁছেছে পুরো বাংলাদেশ দল। ব্রিসবেনে ঘাঁটি গেড়েছে টাইগাররা। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে সুপার টুয়েলভ পর্বের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব বাহিনী। আগামী ১৭ অক্টোবর আফগানিস্তান ও ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

ইত্তেফাক/এসএস