ক্ষণগণনা শেষ, কয়েন ছুড়ে হয়ে গেলো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের টস। নামিবিয়ার বিপক্ষে টসে জিতে বোলিং নিয়েছে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
বাংলাদেশ সময় সকাল ১০টায় জিলংয়ের কার্ডিনিয়া পার্কে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা-নামিবিয়া।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত গত বিশ্বকাপে চমক দেখিয়েছিল নামিবিয়া। প্রথম বার খেলতে এসেই পা রেখেছিলো সুপার টুয়েলভে । শুধু তা-ই নয়, একটি ম্যাচ জিতেও ফেরে তারা। তাই অপ্রাপ্তির কিছুই ছিল না সেই বিশ্বকাপে। রূপকথার গল্প লিখে চলতি বিশ্বকাপের টিকিটও সেবার নিশ্চিত করে ফেলে। উজ্জীবিত সেই নামিবিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
সদ্য এশিয়া কাপ জিতে এসে বিশ্বকাপের প্রথম রাউন্ড খেলছে শ্রীলঙ্কা, সেটি অনেকের কাছেই অবাক করার বিষয়। অনেকে তাদের শিরোপা জয়ে অন্যতম ফেভারিট হিসেবেই ধরে রাখছেন। তবে পা মাটিতেই রাখছেন লঙ্কান অলরাউন্ডার ভানুকা রাজাপাকসে, ‘আমি মনে করি না বিশ্বকাপে কোনো সহজ গ্রুপ আছে। সুবিধা বলতে আমাদের বোলিং ইউনিট খুব শক্তিশালী। তাই আমরা যদি বোর্ডে রান জমা করতে পারি তাহলে যে কোনো প্রতিপক্ষকে আটকাতে পারব। তবে আমরা কোনো দলকে হালকাভাবে নেব না।’
গত বিশ্বকাপেও প্রথম পর্বে একই গ্রুপে পড়েছিল শ্রীলঙ্কা-নামিবিয়া। সেখান থেকে এই দুই দলই উঠেছিলো মূল পর্বে।
মুখোমুখি হওয়া নিজেদের ম্যাচে আইসিসির সহযোগী আফ্রিকান দেশটিকে ৯৬ রানে গুটিয়ে দিয়ে লঙ্কানরা মাঠ ছেড়েছিলো ৭ উইকেটে। গত বিশ্বকাপের সেই হারের প্রতিশোধ আজ নিতেই চাইবে নামিবিয়া।
শ্রীলঙ্কার ট্রাম্পকার্ড হিসেবে বরাবরই চলে আসে ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম। গত বিশ্বকাপে ১৬ উইকেট নিয়ে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। এবার তাকে নিয়ে প্রত্যাশার মাত্রাটা আরো বেশি লঙ্কানদের। এছাড়াও লাইম লাইটে থাকবেন ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ভানুকা রাজাপাকসেরাও।
টস জেতার পর ফিল্ডিং নিয়ে দাসুন শানাকা বলেন, ‘এটা হচ্ছে প্রথম ম্যাচ এবং ব্যাটিংয়ের আগে আমরা উইকেটটাকেও ভালো করে দেখে নেওয়ার সুযোগ পাবো। ছেলেরা খুবই আত্মবিশ্বাসী এবং সবাই সবার দায়িত্ব সম্পর্কে সচেতন। এশিয়া কাপে আমাদের যে স্কোয়াড ছিল, সেই স্কোয়াড নিয়েই এসেছি বিশ্বকাপে। দুর্ভাগ্যজনকভাবে অনুশীলনের সময় হালকা ইঞ্জুরি আক্রান্ত হয়েছেন দিলশান মাধুশঙ্কা। দুশমান্থ চামিরা এবং প্রামোদ মাধুশান এসেছেন একাদশে।’
নামিবিয়া অধিনায়ক গেরহার্ড এরাসমাস বলেন, ‘আমিও চেয়েছিলাম প্রথমে বোলিং করতে। তবে, আশা করি খুব একটা পার্থক্য হবে না। আমরা ভালো করার জন্য আগ্রহী। সামনে মাত্র তিনটি ম্যাচ। শীর্ষে থাকতে হলে এখনই ভালোভাবে শুরু করতে হবে আমাদের। মাঠের কন্ডিশন আমাদের বোলিংয়ের জন্য ভালো।’
শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুষ্মন্তে চামিরা, প্রামোদ মাধুশান ও মহেশ থিকসানা।
নামিবিয়া একাদশ : গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডিভান লা কক, মাইকেল ফন লিংগেন, স্টিফেন বার্ড, নিকোল লফটি ইটন, ইয়ান ফ্রাইলিংক, জোহানেস জোনাথন, ডেভিড ওয়াইজ, জ্যান গ্রিন, বার্নার্ড স্কলটজ ও বেন শিকোঙ্গো।
