পর্দা উঠে গেলো অস্ট্রলিয়ার মাটিতে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের। তাসমান সাগরের তীরঘেঁষা শহর জিলংয়ের কার্ডিনিয়া পার্কে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে শ্রীলঙ্কা এবং নামিবিয়া।
টসে জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। কিছুদিন আগেই এশিয়া কাপের শিরোপা জেতা শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ায় পা রেখেছে চ্যাম্পিয়ন স্কোয়াড নিয়েই।
আর কিছুদিন আগে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেওয়া নামিবিয়াও বিশ্বকাপে এসেছে সেই একই দল নিয়েই।
আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা মাঠে নামছে এশিয়া কাপের ফাইনালে শিরোপা জেতানো একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে।
টস জেতার পর ফিল্ডিং নিয়ে দাসুন শানাকা বলেন, ‘এটা হচ্ছে প্রথম ম্যাচ এবং ব্যাটিংয়ের আগে আমরা উইকেটটাকেও ভালো করে দেখে নেওয়ার সুযোগ পাবো। ছেলেরা খুবই আত্মবিশ্বাসী এবং সবাই সবার দায়িত্ব সম্পর্কে সচেতন। এশিয়া কাপে আমাদের যে স্কোয়াড ছিল, সেই স্কোয়াড নিয়েই এসেছি বিশ্বকাপে। দুর্ভাগ্যজনকভাবে অনুশীলনের সময় হালকা ইঞ্জুরি আক্রান্ত হয়েছেন দিলশান মাধুশঙ্কা। দুশমান্থ চামিরা এবং প্রামোদ মাধুশান এসেছেন একাদশে।’
অন্যদিকে নামিবিয়াও টস জিতলে বোলিং নইতে চেয়েছিলো জানিয়ে দলের অধিনায়ক গেরহার্ড এরাসমাস বলেন, ‘আমিও চেয়েছিলাম প্রথমে বোলিং করতে। তবে, আশা করি খুব একটা পার্থক্য হবে না। আমরা ভালো করার জন্য আগ্রহী। সামনে মাত্র তিনটি ম্যাচ। শীর্ষে থাকতে হলে এখনই ভালোভাবে শুরু করতে হবে আমাদের। মাঠের কন্ডিশন আমাদের বোলিংয়ের জন্য ভালো।’
শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমন্থ চামিরা, প্রামোদ মাধুশান, মহেস থিকসানা।
নামিবিয়া একাদশ : গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডিভান লা কক, মাইকেল ফন লিংগেন, স্টিফেন বার্ড, নিকোল লফটি ইটন, ইয়ান ফ্রাইলিংক, জোহানেস জোনাথন, ডেভিড ওয়াইজ, জ্যান গ্রিন, বার্নার্ড স্কলটজ, বেন শিকোঙ্গো।
