দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আমিরাত

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৪:৩৪

শুরু হয়ে গেছে ধুম-ধাড়াক্কা চার ছক্কার টি-টোয়েন্টি ক্রিকেট শ্রেষ্ঠত্বের অষ্টম আসর। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 

বাংলাদেশ সময় আজ দুপুর ২টায় জিলংয়ের কার্ডিনিয়া পার্কে ডাচদের বিপক্ষে মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাত। ছোট দুই দলেরে লড়াইয়ে যে জিতবে সেই এগিয়ে থাকবে  বিশ্বকাপের সুপার টুয়েলভের পথে।

আট বছর বাদে বিশ্বকাপে ফের জায়গা করে নিয়েছে আরব আমিরাত। কিছুদিন আগে ঘরের মাঠে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারলেও আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়েছে তারা। ডাচদের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা দেখার মতো। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলে না।মুখোমুখি আট ম্যাচে সমান জয় নিয়ে ফিরেছে দুই দলই।
 
তবে দ্বিতীয় বার বিশ্বকাপে খেলতে আসা আরব আমিরাতের দলটা একদমই নতুন। তাই ব্যাটসম্যান চিরাগ সুরির মুখে অঘটন ঘটানোর ইঙ্গিত, ‘অতীতে (বিশ্বকাপে ১১ ম্যাচে ১ হার) যা হয়ে গেছে তা হয়েই গেছে। এটা সম্পূর্ণ নতুন একটি দল। এখানে একজন খেলোয়াড়ও আরব আমিরাতের হয়ে আগে বিশ্বকাপ খেলেনি। তাই আমি মনে করি, ফলাফল পুরোপুরি ভিন্ন হতে পারে এবার।’ 

অন্যদিকে গত বিশ্বকাপে প্রথম রাউন্ডে তিন ম্যাচের প্রতিটিতেই হেরেছিল নেদারল্যান্ডস। দলটির কোচিং স্টাফে যুক্ত হয়েছেন গ্যারি কারস্টেনের মতো কিংবদন্তি। তাই এবার ভাগ্য বদলাতে চায় তারা।

ক্রিকেটের কুলীনদের ভিড়ে দিনের দ্বিতীয় ম্যাচের ছোট এই দুই দলের জন্য অবশ্য প্রস্তুতিটা হয়েছে বেশ ভালোই। নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান বলেন, ‘আমাদের গ্রুপে পুরো চাপই কিন্তু শ্রীলঙ্কা আর নামিবিয়ার ওপর। দুই দলই গত বিশ্বকাপে সুপার টুয়েলভ খেলেছিলো।’

আরব আমিরাত একাদশ : সিপি রিজওয়ান (অধিনায়ক), চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম, ভৃত্য অরবিন্দ (উইকেটরক্ষক),  বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, আয়ান আফজাল খান, কাশিফ দাউদ, কার্তিক মায়াপ্পান, জুনায়েদ সিদ্দিকি ও জহুর খান।

নেদারল্যান্ডস একাদশ : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ফন ডার মিরউই, টিম প্রিঙ্গল, লোগান ফন বিক, ফ্রেড ক্লাসেন ও পল ফন মিকরিন।

ইত্তেফাক/এসএস