আজ থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি সুযোগ পাওয়া দলগুলোর ওয়ার্ম-আপ ম্যাচ। দিনের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।
আজ ওয়ার্ম আপের চার ম্যাচে মাঠে নামছে গত বিশ্বকাপেই সুপার টুয়েলভ নিশ্চিত করা আটটি দল- বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
আজ বাংলাদেশ সময় সকাল ১০টায় ব্রিজবেনের গ্যাবায় মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত।
সম্প্রতি ভারতের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে অজিরা। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও, ইংল্যান্ডের কাছে আবার ২-০ ব্যবধানে সিরিজ হারে অস্ট্রেলিয়া।
অন্যদিকে, বিশ্বকাপে আসার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও একই ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।
একই মাঠে দিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে শুধুমাত্র অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একটি করে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে। এছাড়া অন্য ছয়টি দল ২টি করে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে। তাই অন্য ছয়টি দলের দ্বিতীয় ও শেষ ওয়ার্ম-আপ ম্যাচ হবে ১৯ অক্টোবর।
