টি-২০ ক্রিকেটের ১৭ বছর ও আটটি বিশ্বকাপ পার করে প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। নিজেদের প্রথম দেখায় স্কটিশদের বিপক্ষে টস জিতে বোলিংয়ে নামছে ওয়েস্ট ইন্ডিজ।
আজ বাংলাদেশ সময় সকাল ১০টায় হোবার্টের বেলেরিভ ওভালে ক্য্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামবে স্কটিশরা।
দুই দলই একে অপরের কাছে অচেনা। যদিও প্রযুক্তির যুগে আর কোনো কিছুই এখন লুকানো থাকে না। সেসবের ওপর ভর করেই অচেনা প্রতিপক্ষের বিপক্ষে জয়ের ছক কষবে দুই দলই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজ। দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। তবে বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ক্যারিবিয়ানদের।
দুই বারের চ্যাম্পিয়নরা এখনো সঠিক কম্বিনেশনই খুঁজে পায়নি। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে। ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়েইন ব্র্যাভো, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা না থাকায় ভারসাম্য খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নতুন এই দলটার সবচেয়ে বড় আস্থার নাম অধিনায়ক নিকোলাস পুরান। সাম্প্রতিক ফর্ম খারাপ হলেও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ট্যাগ থাকায় ওয়েস্ট ইন্ডিজকে কেউ ছুড়ে ফেলে দেওয়ার সাহস করবে না।
পুরোনো গৌরব ফিরিয়ে আনতে কী করতে হবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেটিও জানিয়েছেন অধিনায়ক পুরান, ‘অভিজ্ঞতার ও তারুণ্যের মিশেলে দলে ভারসাম্য আনা দরকার। যখন দুটো বিশ্বকাপ জিতেছি তখন দলে প্রচুর তারকা ছিল। আবার গত বিশ্বকাপেও তারকার অভাব ছিল না কিন্তু সেমিফাইনালেও যেতে পারিনি। আমরা ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে কথা বলেছি। যখনই আমরা হারি বা জিতি দল হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। টুর্নামেন্ট জিততে হলে অবশ্যই আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে।’
অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে আরো একবার চমক দেখানোর জন্য মুখিয়ে রয়েছে স্কটল্যান্ড। গত আসরে বাংলাদেশ হারিয়ে বিশ্বকাপে শুরু করেছিল তারা। পরে সুপার টুয়েলভেও জায়গা করে নেয় স্কটিশরা। রিচি বেরিংটনের দল এবারও অস্ট্রেলিয়া এসেছে তেমন নতুন কোনো চমক দেওয়ার লক্ষ্য নিয়েই।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেট রক্ষক), কাইল মায়ার্স, এভিন লুইস, ব্র্যান্ডন কিং, শামারাহ ব্রুকস, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডেন স্মিথ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাকয়।
স্কটল্যান্ড একাদশ : রিচি বেরিংটন (অধিনায়ক), জর্জ মুনসে, মাইকেল জোনস, ম্যাথু ক্রস (উইকেট রক্ষক), ক্যালাম ম্যাকলিওড, ক্রিস গ্রেভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জশ ডেভি, সাফইয়ান শারিফ, ব্র্যাড হুইল।
