মাদুশঙ্কার বদলে শ্রীলঙ্কা দলে বিনুরা ফার্নান্দো

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১১:২৬

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই ইঞ্জুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা। তার পরিবর্তে বিনুরা ফার্নান্দোকে দলে ডেকেছে শ্রীলঙ্কা।

শনিবার (১৫ অক্টোবর) নামিবিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে অনুশীলনের সময় ইঞ্জুরিতে পড়েন মাদুশঙ্কা। নেটে বোলিংকরার সময় হাঁটুতে চোট পান তিনি। পরে হাসপাতালে নিয়ে এমআরআই করার পর জানা যায় বেশ গুরুতর চোটই পেয়েছেন লঙ্কান এই পেসার। যার ফলে এই বিশ্বকাপে আর মাঠে নামা হচ্ছে না এই লঙ্কান পেসারের। 

তার পরিবর্তে বিশ্বকাপ দলে নেওয়া হতে পারে বিনুরা ফার্নান্দোকে, এমন গুঞ্জন আগেই শোনা গিয়েছিলো। পরে মাদুশঙ্কার জায়গায় তাকেই দলে ভেড়ানোর অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট টেকনিক্যাল কমিটি। 
 
বিনুরা ফার্নান্দো লঙ্কানদের হয়ে এখন পর্যন্ত ৯ টি-টোয়েন্টি ও ৪টি ওয়ানডেতে যথাক্রমে ১০ ও ২টি উইকেট শিকার করেছেন। ২০১৫ সালে কলোম্বোতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক অভিষেক ঘটে তার। চলতি বছর ফেব্রুয়ারিতে ধর্মশালায় ভারতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। 

ইত্তেফাক/এসএস