রাহুল-সূর্যর ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহ ভারতের

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১২:০৭

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি সুযোগ পাওয়া দলগুলোর ওয়ার্ম আপ ম্যাচ শুরু হয়েছে আজ। দিনের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮৬ রানের বড় সংগ্রহ পেয়েছে ভারত।

বাংলাদেশ সময় সকাল ১০টায় ব্রিসবেনের গ্যাবায় বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে ভারত। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। 

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই অজি বোলারদের অপর চড়াও হন ভারতের ওপেনার লোকেশ রাহুল। পাওয়ার প্লে'র ৬ ওভারেই বিনা উইকেটে ভারত তুলে ফেলে ৬৯ রান। যেখানে নিজের ফিফটি তুলে নিয়ে রাহুল একাই করেন ২৭ বলে ৫০ রান। আরেক ওপেনার রোহিত শর্মা ততক্ষণে খেলেছেন মাত্র ৯ বল।

ইনিংসের অষ্টম ওভারে দলীয় ৭৯ রানে গ্লেন ম্যাক্সওয়েলের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন রাহুল। ৬ চার আর ৩ ছক্কায় ফেরার আগে করেন ৩৩ বলে ৫৭ রান। 

পরের অভারেই অ্যাস্টন অ্যাগারের বলে ফিরে যান রোহিত শর্মা। তৃতীয় উইকেট জুটিতে বিরাট কোহলি আর সূর্যকুমার যাদব মিলেও ভালোই শুরু করেছিলেন। তবে বেশিদূর যেতে পারেননি কোহলি। ১৩ বলে ১৯ রান করে মিচেল স্টার্কের বলে আউত হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। কেন রিচার্ডসনের পরের ওভারে ফিরে যান হার্দিক পান্ডিয়াও। উড়ন্ত শুরুর পরও দ্রুত উইকেট হারিয়ে রান তোলায় কিছুটা ধীর হয়ে যায় ভারত। 

দীনেশ কার্তিক এসে শুরুটা করেছিলেন বেশ ভালো। তবে ১ চার আর ১ ছক্কায় ১৪ বলে ১৯ রান করে ফেরেন তিনিও। ১৫৭ রানে ৫ম উইকেট হারায় ভারত।

ক্রিজের অপর প্রান্তে তখন ঝড় তুলেছেন সূর্যকুমার। বিধ্বংসী এই ব্যাটারের ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহ পায় ভারত। ৩৩ বলে ৬ চার আর ১ ছক্কায় ৫০ রান করে ইনিংসের শেষ ওভারে রিচার্ডসনের বলে আউট হন সূর্যকুমার।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে রোহিত শর্মার দল। অজিদের হয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেনে কেন রিচার্ডসন। 

ইত্তেফাক/এসএস