‘ব্যবসায়িক শঙ্কায় সিদ্ধান্ত নেওয়া হয়নি’

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৫:০৩

বলিউড ও দক্ষিণী সিনেমায় সমানতালে কাজ করছেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগডে। সেই তালিকায় রয়েছে সালমান খানের ‘কিসি কি ভাই কিসি কি জান’ সিনেমাটি। এই সিনেমাটির মাধ্যমে সালমানের সঙ্গে প্রথমবার পর্দায় আসার অপেক্ষায় ছিলেন পূজা। শুরু থেকেই নিজের উচ্ছ্বাসের কথাও প্রকাশ করেছেন গণমাধ্যমে।

বর্তমানে সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত আছেন সালমান-পূজা। এমনকি শুটিং চলাকালীন নিজের জন্মদিন পালনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে সালমানের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন পূজা। এমন খবরের পরও ভক্তদের পাশাপাশি মন খারাপ পূজার।

পূজা হেগডে। ছবি: সংগৃহীত

আগামী ৩০ ডিসেম্বর ‘কিসি কি ভাই কিসি কি জান’ প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও সেটি পিছিয়ে আগামী বছর ঈদে মুক্তির নতুন সময় নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ‘কাভি খুশি কাভি ঈদ’ থেকে ‘কিসি কি ভাই কিসি কি জান’ নাম পরিবর্তন করা নিয়েও নানা সমালোচনা চলছে নেটদুনিয়ায়।

অনেকেই বলছেন, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার শঙ্কায় মুক্তির তারিখ পিছিয়েছেন সালমান। এমনকি নাম নিয়ে নাটক করছেন। এটা হয়তো প্রচারণার অংশ।

পূজা হেগডে

তবে বিষয়টি নিয়ে পূজা বলেন, ‘সালমানের সঙ্গে আমার যতটা কথা হয়েছে তাতে জেনেছি, প্রথমে আন্তঃধর্মীয় মিশ্রণে নামটি ঠিক করা হয়েছিল। ধর্মনিরপেক্ষ হিসেবেই কাভি খুশি কাভি ঈদ চূড়ান্ত করা হয়। কিন্তু পরে তিনি বুঝতে পারেন, এই নামটি আমাদের দেশের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সঙ্গতপূর্ণ না। মুক্তির সময় নানা জটিলতার সম্মুখীন হতে পারে সিনেমাটি। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়িক শঙ্কায় সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ দারুণ একটি গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। পাশাপাশি আমাদের একসঙ্গে দেখার দর্শক কৌতুহলও রয়েছে। সব মিলিয়ে সিনেমাটি বক্স অফিস মাতাবে, এই বিশ্বাস আমাদের রয়েছে।’

ইত্তেফাক/বিএএফ