চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় জাহিদুল হক (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় অটোচালক ও ২ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর-রায়পুর সড়কের গাছতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল হক সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের জহিরুল হক গাজীর ছেলে।
আরও পড়ুন: দুই জাহাজের সংঘর্ষ, ৩ ঘণ্টা পর খুললো চট্টগ্রাম বন্দর চ্যানেল
আহতরা হচ্ছেন, অটোচালক মো. ইউসুফ মৃধা (৪৫), রায়পুর থেকে আসা যাত্রী জাহানারা বেগম (৫০) ও তার মেয়ে শাহীদা আক্তার (১৮)।
স্থানীয়রা জানান, দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা রায়পুর থেকে চাঁদপুর লঞ্চঘাটের উদ্দেশে যাচ্ছিল। ঘটনাস্থলে এসে সাইকেল আরোহীকে ধাক্কা দেয় এবং অটোরিকশাটিও রাস্তার পাশে পড়ে গিয়ে যাত্রী ও চালক আহত হয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন জাহিদুল হক।পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল বলেন, আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল হককে মৃত করেন। চালকসহ অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হসাপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেন। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/এমআরএম
